সান্তা ক্লারার স্টেডিয়ামে শেষ বাঁশি বাজতেই গ্যালারিজুড়ে বেজে উঠল জন ডেনভারের কালজয়ী গান ‘টেক মি হোম, কান্ট্রি রোডস’। চলতি বিশ্বকাপে গানটি যেন যুক্তরাষ্ট্রের নতুন বিজয়-উদযাপনের প্রতীক হয়ে উঠেছে।
ইংল্যান্ডের ম্যাচে যেমন ‘ওয়ান্ডারওয়াল’ দর্শকদের কণ্ঠে নতুন প্রাণ ফিরে পেয়েছে, তেমনি যুক্তরাষ্ট্রের প্রতিটি জয়ের পর ‘কান্ট্রি রোডস’ এখন স্টেডিয়ামজুড়ে বিজয়ের সুর হয়ে বাজছে।
বসনিয়া ও হার্জেগোভিনাকে ২-০ গোলে হারিয়ে শুধু শেষ ষোলো নিশ্চিতই করেনি স্বাগতিকরা, দেখিয়েছে প্রতিকূল পরিস্থিতিতে লড়াই করে জয় ছিনিয়ে নেওয়ার মানসিকতাও। ম্যাচের বড় একটি সময় ১০ জন নিয়ে খেলেও প্রতিপক্ষকে গোলের সুযোগ কাজে লাগাতে দেয়নি তারা। উল্টো ম্যাচের শেষ দিকে মালিক টিলম্যানের দুর্দান্ত ফ্রি-কিকে জয় নিশ্চিত করে যুক্তরাষ্ট্র। এর মধ্য দিয়ে ২০০২ সালের পর প্রথমবারের মতো বিশ্বকাপের নকআউট পর্বে জয়ের স্বাদ পেল মার্কিনরা।
মাঠের পারফরম্যান্সের পাশাপাশি গ্যালারির উচ্ছ্বাসও এখন দলের অন্যতম বড় শক্তি। আত্মবিশ্বাসে উজ্জীবিত স্বাগতিকরা এবার শেষ ষোলোতে মুখোমুখি হবে বেলজিয়ামের।
আগামী সোমবার সিয়াটলে অনুষ্ঠিত হবে রাউন্ড অব ১৬-এর সেই বহুল প্রতীক্ষিত লড়াই। আরেকটি জয় এলে, ‘টেক মি হোম, কান্ট্রি রোডস’-এর সুরে আবারও উৎসবে মাতবে পুরো স্টেডিয়াম—এমন প্রত্যাশাই এখন যুক্তরাষ্ট্রের সমর্থকদের।




Comments