কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার পশ্চিম শিদলাই গ্রামে প্রেমিককে বিয়ের দাবিতে টানা ১২ দিন ধরে তার বাড়িতে অনশন করছেন এক তরুণী। অভিযোগ, চার বছরের প্রেমের সম্পর্কের পর বিয়ের আশ্বাস দিয়ে তাকে আত্মীয়ের বাড়িতে নিয়ে গেলেও পরে বিয়ে করতে অস্বীকৃতি জানিয়ে পালিয়ে যান অভিযুক্ত আবু সাইদ ওরফে সাইফুল ইসলাম।
তরুণীর দাবি, প্রেমিকের কারণে তার জীবনের অপূরণীয় ক্ষতি হয়েছে এবং বিয়ে না হওয়া পর্যন্ত তিনি সেখান থেকে ফিরবেন না। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়দের উদ্যোগে ইউনিয়ন পরিষদে সালিশ হলেও অভিযুক্ত যুবক বৈঠক থেকে চলে যান। পরে তিনি ও তার পরিবারের সদস্যরা আত্মগোপনে চলে যান বলে অভিযোগ উঠেছে।
শিদলাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সাইফুল ইসলাম আকবর আলাউল জানান, বিষয়টি সমাধানের চেষ্টা করা হলেও ছেলের পরিবার বিয়েতে রাজি নয়। উপজেলা প্রশাসন ও থানা পুলিশকে বিষয়টি জানানো হয়েছে। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তাও তরুণীকে সহায়তার প্রস্তাব দিলেও তিনি তা গ্রহণ করেননি। এদিকে অভিযুক্ত যুবক ও তার পরিবারের কারও সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।




Comments