Image description

বিশ্বকাপ মানেই গোলের রোমাঞ্চ। তবে ২০২৬ বিশ্বকাপে গোলদাতাদের পাশাপাশি আলো ছড়াচ্ছেন গোলরক্ষকরাও। আর তাদের মধ্যে সবচেয়ে উজ্জ্বল নাম এখন স্পেনের উনাই সিমন। টানা ৫১৯ মিনিট গোল না খেয়ে বিশ্বকাপের ইতিহাসে নতুন রেকর্ড গড়েছেন এই স্প্যানিশ গোলরক্ষক।

অস্ট্রিয়ার বিপক্ষে স্পেনের ৩-০ গোলের জয়ে ক্লিন শিট ধরে রেখে ইতালির কিংবদন্তি ওয়াল্টার জেঙ্গার ৩৬ বছর পুরোনো রেকর্ড ভেঙে দেন সিমন। ১৯৯০ বিশ্বকাপে জেঙ্গা টানা ৫১৭ মিনিট গোল না খেয়ে যে রেকর্ড গড়েছিলেন, সেটিই এতদিন বিশ্বকাপের সর্বোচ্চ ছিল।

নতুন এই কীর্তির ফলে ৫১৯ মিনিট নিয়ে তালিকার শীর্ষে উঠে এসেছেন সিমন। দ্বিতীয় স্থানে নেমে গেছেন জেঙ্গা, আর তৃতীয় স্থানে রয়েছেন ইংল্যান্ডের কিংবদন্তি পিটার শিলটন, যার টানা ৫০০ মিনিট ক্লিন শিটের রেকর্ড এখন ইতিহাস।

সিমনের রেকর্ডযাত্রা শুরু হয়েছিল ২০২২ কাতার বিশ্বকাপে। জাপানের বিপক্ষে গ্রুপ পর্বের ম্যাচে আও তানাকার গোল হজম করার পর থেকে আর কোনো বল তার জালে জড়াতে পারেনি। সেই ম্যাচের বাকি সময়, মরক্কোর বিপক্ষে শেষ ষোলোর ১২০ মিনিট এবং ২০২৬ বিশ্বকাপে কেপ ভার্দে, সৌদি আরব, উরুগুয়ে ও অস্ট্রিয়ার বিপক্ষে পুরো ম্যাচ মিলিয়ে টানা ৫১৯ মিনিট নিজের জাল অক্ষত রেখেছেন তিনি।

শুধু বিশ্বকাপ নয়, স্পেনের ইতিহাসেও নতুন অধ্যায় লিখেছেন উনাই সিমন। এতদিন দেশটির হয়ে বিশ্বকাপে টানা ৪৭৭ মিনিট গোল না খাওয়ার রেকর্ড ছিল কিংবদন্তি ইকার কাসিয়াসের। ২০১০ ও ২০১৪ বিশ্বকাপ মিলিয়ে গড়া সেই রেকর্ডও এখন সিমনের দখলে।