Image description

পাবনা শহরের এক মেস থেকে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) এক ছাত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার বিকেলে শহরের রাধানগর ডিগ্রি বটতলা এলাকার বাদশা ছাত্রী মেস থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ।

নিহত রাজমনি পাবিপ্রবির ইতিহাস বিভাগের ১৭তম ব্যাচের শিক্ষার্থী। তার বাড়ি ঠাকুরগাঁও জেলায়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বিকেলে ঘটনার আগে রাজমনি তার বন্ধু প্রান্তের সঙ্গে ফোনে কথা বলছিলেন। একপর্যায়ে তার আচরণে অস্বাভাবিকতা টের পেয়ে প্রান্ত রাজমনির রুমমেটকে ফোন করে তার খোঁজ নিতে বলেন। রুমমেট তখন মেসে না থাকায় তিনি মেসের মালিককেও বিষয়টি জানান।

পরে মেসের মালিক রাজ মিত্রি স্থানীয় কয়েকজনকে নিয়ে কক্ষের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করলে রাজমনিকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়।

পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম বলেন, ঘটনাটি তদন্ত করা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে।

এদিকে ঘটনার পর বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ বিভাগের এক কর্মকর্তা বলেন, উপাচার্যের অনুমতি ছাড়া এ বিষয়ে কোনো বক্তব্য দেওয়া সম্ভব নয়। 

তবে বিশ্ববিদ্যালয় প্রশাসনের নীরবতায় শিক্ষার্থীদের একটি অংশের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে।