বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৬–২০২৮ মেয়াদের বহুল প্রতীক্ষিত নির্বাচন শুরু হয়েছে। শুক্রবার (৩ জুলাই) সকাল ৯টায় বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন (বিএফডিসি) প্রাঙ্গণে ভোটগ্রহণ শুরু হয়, যা চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত। তবে বেলা ১টা থেকে এক ঘণ্টা নামাজের বিরতি থাকবে।
এবারের নির্বাচনে ৫৭৩ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে আগামী দুই বছরের জন্য শিল্পী সমিতির নতুন নেতৃত্ব নির্বাচন করবেন। ভোটকে কেন্দ্র করে সকাল থেকেই এফডিসি প্রাঙ্গণে প্রার্থী, ভোটার ও সমর্থকদের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।
নির্বাচনে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ বিভিন্ন পদে দুটি পূর্ণাঙ্গ প্যানেল এবং একজন স্বতন্ত্র প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। নির্বাচন কমিশন জানিয়েছে, শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন করতে প্রয়োজনীয় সব প্রস্তুতি নেওয়া হয়েছে।
একটি প্যানেলে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন অভিনেতা ও ফাইট ডিরেক্টর আরমান এবং সাধারণ সম্পাদক পদে রুমানা ইসলাম মুক্তি। এ প্যানেলে সহ-সভাপতি পদে নূতন ও ইলিয়াস কোবরা, সহ-সাধারণ সম্পাদক পদে রিনা খান, সাংগঠনিক সম্পাদক পদে চুন্নু, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পদে এম এ পারভেজ চৌধুরী আবীর, দপ্তর ও প্রচার সম্পাদক পদে রাসেল মিয়া, সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক পদে মারুফ আকিব এবং কোষাধ্যক্ষ পদে কমল প্রতিদ্বন্দ্বিতা করছেন।
অন্য প্যানেলে সভাপতি পদে রয়েছেন শিবা সানু এবং সাধারণ সম্পাদক পদে জয় চৌধুরী। তাদের সঙ্গে সহ-সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন রোজিনা ও ডিএ তায়েব, সহ-সাধারণ সম্পাদক পদে সুব্রত, সাংগঠনিক সম্পাদক পদে সনি রহমান, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পদে পলি, দপ্তর ও প্রচার সম্পাদক পদে জ্যাকি আলমগীর, সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক পদে মোসাফকুল জামিল কাকন এবং কোষাধ্যক্ষ পদে জাদু আজাদ।
এ ছাড়া সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন ইউসুফ খান। অন্যদিকে ১১টি কার্যনির্বাহী পরিষদ সদস্য পদের বিপরীতে দুই প্যানেল ও স্বতন্ত্র প্রার্থী মিলিয়ে মোট ২৭ জন লড়ছেন।
এবারের নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করছেন কামাল মো. কিবরিয়া লিপু। ভোটগ্রহণ শেষে রাতেই গণনা শুরু হবে। সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে শুক্রবারই নতুন কমিটির ফলাফল ঘোষণা করা হবে।
উল্লেখ্য, গত মেয়াদে সভাপতি ও সাধারণ সম্পাদকের দায়িত্বে থাকা মিশা সওদাগর ও মনোয়ার হোসেন ডিপজল এবার নির্বাচনে অংশ নিচ্ছেন না। ফলে নতুন নেতৃত্বের হাতেই যাচ্ছে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির দায়িত্ব।
মানবকণ্ঠ/এমআর




Comments