Image description

নেত্রকোণার মানুষের দীর্ঘদিনের সমস্যা, বিশেষ করে হাওরাঞ্চলের আকস্মিক বন্যা, নদীভাঙন, সীমান্ত পরিস্থিতি এবং উন্নয়ন-সংকটগুলো জাতীয় সংসদে জোরালোভাবে উপস্থাপনের আশ্বাস দিয়েছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান এমপি।

শুক্রবার (৩ জুলাই) সকাল ১০টায় নেত্রকোণা সার্কিট হাউসের হলরুমে জেলায় কর্মরত সাংবাদিকদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

সীমান্ত পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে ডা. শফিকুর রহমান বলেন, “সীমান্তের ওপারে বিজিপি সদস্যরা অস্ত্রসহ সতর্ক অবস্থানে থেকে দায়িত্ব পালন করছে। দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষায় আমাদের সবাইকে ঐক্যবদ্ধ এবং মানসিকভাবে শক্তিশালী থাকতে হবে।”

হাওরাঞ্চলের অকাল বন্যা প্রসঙ্গে তিনি বলেন, “ভারতের পক্ষ থেকে অনেক সময় আগাম ঘোষণা বা যথাযথ তথ্য ছাড়াই উজানের বাঁধের পানি ছেড়ে দেওয়া হয়। এতে নেত্রকোণাসহ হাওরাঞ্চলের বিস্তীর্ণ এলাকা দ্রুত তলিয়ে যায় এবং কৃষকসহ সাধারণ মানুষ চরম ক্ষতির মুখে পড়েন। এ ধরনের জনগুরুত্বপূর্ণ বিষয়গুলো আমি সংসদে গুরুত্বের সঙ্গে উত্থাপন করব।”

সাংবাদিকদের উদ্দেশে তিনি আরও বলেন, “নেত্রকোণার মানুষ কী কী সুনির্দিষ্ট সমস্যার সম্মুখীন হচ্ছেন, তা আপনারা আমাকে লিখিত আকারে দিন। হাওরের সমস্যা, পাহাড়ি ঢল, নদীভাঙন, অবৈধ বালু উত্তোলন কিংবা এলাকার অন্য যেকোনো জনদুর্ভোগ—সব বিষয় আমি জাতীয় সংসদে তুলে ধরব। আমি একটি নির্দিষ্ট আসন থেকে নির্বাচিত হলেও পুরো বাংলাদেশই আমার। দেশের প্রতিটি মানুষের কল্যাণে কাজ করা আমাদের নৈতিক দায়িত্ব।”

বাংলাদেশ জামায়াতে ইসলামী নেত্রকোণা জেলা শাখার আমীর মাওলানা ছাদেক আহমাদ হারিছের সভাপতিত্বে এবং জেলা সহকারী সেক্রেটারি ও জেলা প্রচার সম্পাদক জহিরুল ইসলামের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ শাহাবুদ্দিন এবং কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মঞ্জুরুল ইসলাম ভূঁইয়া।

এ সময় আরও উপস্থিত ছিলেন নেত্রকোণা-৫ (পূর্বধলা) আসনের সংসদ সদস্য মাসুম মোস্তফা, জেলা নায়েবে আমীর মাওলানা মাহবুবুর রহমান, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলা সভাপতি মাওলানা কামাল উদ্দিন এবং নেত্রকোণা পৌরসভার নায়েবে আমীর ডা. আবুল হোসেন তালুকদারসহ স্থানীয় নেতৃবৃন্দ।

মানবকণ্ঠ/ডিআর