পাকিস্তানের বেলুচিস্তান ও খাইবার পাখতুনখাওয়ার সীমান্ত এলাকায় এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অন্তত ৪০ জন নিহত হয়েছেন। শুক্রবার (৩ জুলাই) যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে গেলে এই হতাহতের ঘটনা ঘটে। এ ঘটনায় আরও অন্তত ৮ জন গুরুতর আহত হয়েছেন।
পাকিস্তানের সংবাদমাধ্যম 'দ্য ডন'-এর প্রতিবেদন অনুযায়ী, বাসটি বেলুচিস্তানের শেরানি জেলার দানা সার এলাকা অতিক্রম করে খাইবার পাখতুনখাওয়ার ডেরা ইসমাইল খান জেলায় প্রবেশ করার পরপরই দুর্ঘটনার কবলে পড়ে।
বেলুচিস্তানের মুখ্যমন্ত্রীর গণমাধ্যম ও রাজনৈতিক বিষয়ক সহকারী শাহিদ রিন্দ এক বিবৃতিতে হতাহতের সংখ্যা নিশ্চিত করেছেন। তিনি জানান, প্রাথমিক তথ্য অনুযায়ী দুর্ঘটনায় কমপক্ষে ৪০ জন প্রাণ হারিয়েছেন এবং আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শেরানি জেলার ডেপুটি কমিশনার (ডিসি) ওয়ালি খান কাকার জানান, দুর্ঘটনার সংবাদ পাওয়ার পরপরই জেলা প্রশাসনের উদ্ধারকারী দল ও অ্যাম্বুলেন্স ঘটনাস্থলে পৌঁছায়। তিনি আরও জানান, বাসটি মূলত কোয়েটা থেকে ৩৬ জন যাত্রী নিয়ে পেশাওয়ারের উদ্দেশে রওনা হয়েছিল। তবে পথিমধ্যে অন্য একটি বাস বিকল হয়ে যাওয়ায় সেই বাসের যাত্রীরাও এই বাসে উঠেছিলেন, যার ফলে নিহতের সংখ্যা এতটা বেড়েছে।
এদিকে এই ভয়াবহ প্রাণহানির ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে বেলুচিস্তান সরকার। এক শোকবার্তায় নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়েছে। বেলুচিস্তানের মুখ্যমন্ত্রী সরফরাজ বুগতি দুর্ঘটনাস্থলের আশপাশের সংশ্লিষ্ট বিভাগগুলোকে উদ্ধারকাজ দ্রুত সম্পন্ন করার এবং আহতদের সুচিকিৎসা নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন।
মানবকণ্ঠ/ডিআর




Comments