Image description

কানাডার সামনে ছিল ইতিহাস গড়ার হাতছানি। নিজেদের ইতিহাসে প্রথমবারের মতো বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ওঠার স্বপ্ন দেখছিল উত্তর আমেরিকার দলটি। তবে সেই স্বপ্ন ভেঙে দিল গত আসরের সেমিফাইনালিস্ট মরক্কো।

দাপুটে ফুটবল উপহার দিয়ে কানাডাকে ৩-০ গোলে হারিয়ে ২০২৬ বিশ্বকাপের প্রথম দল হিসেবে শেষ আট নিশ্চিত করেছে মরক্কো। 

প্রথমার্ধে গোলশূন্য থাকার পর বিরতির পরই ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নেয় মরক্কো। ৪৯ মিনিটে বক্সের বাইরে থেকে পাওয়া ফ্রি-কিক দ্রুত খেলেন আশরাফ হাকিমি। তাঁর পাস থেকে বক্সের সামনে বল পেয়ে নিচু শটে কানাডার জালে বল পাঠান এজেদিন উনাহি। রক্ষণভাগ ও সতীর্থ সুফিয়ান রাহিমির পায়ের ফাঁক গলে বল জালে জড়ালে ১-০ ব্যবধানে এগিয়ে যায় মরক্কো।

৮২ মিনিটে ব্যবধান আরও বাড়ান উনাহি। দ্রুতগতির পাল্টা আক্রমণে ব্রাহিম দিয়াজের নিখুঁত পাস থেকে বক্সে ঢুকে জোরালো শটে নিজের দ্বিতীয় ও দলের দ্বিতীয় গোল করেন তিনি। এই গোলের পরই কার্যত নিশ্চিত হয়ে যায় মরক্কোর কোয়ার্টার ফাইনালের টিকিট।

যোগ করা সময় ছিল আট মিনিট। তখনও আক্রমণের ধার কমায়নি মরক্কো। অতিরিক্ত সময়ের শেষদিকে আবারও ব্রাহিম দিয়াজের পাস থেকে গোলরক্ষককে একা পেয়ে সহজেই বল জালে পাঠান সুফিয়ান রাহিমি। তার গোলে ৩-০ ব্যবধানের দাপুটে জয় নিশ্চিত করে মরক্কো।

এই জয়ে টানা দ্বিতীয় বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিল মরক্কো। শেষ আটে শক্তিশালী ফ্রান্সের বিপক্ষে তাদের কঠিন পরীক্ষার অপেক্ষা।