Image description

বিশ্বকাপের শেষ ষোলোর লড়াইয়ে শক্তিশালী ব্রাজিলের মুখোমুখি হওয়ার আগে আত্মবিশ্বাসী কণ্ঠেই কথা বললেন নরওয়ের প্রধান কোচ স্টেলে সোলবাক্কেন। তার বিশ্বাস, নিজেদের সেরা খেলাটা খেলতে পারলে ব্রাজিলকে হারানো সম্ভব।

ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে সোলবাক্কেন বলেন, ‘আমরা যদি শতভাগ খেলতে পারি, তাহলে ব্রাজিলকে হারাতে পারি। তবে সেটা না হলে আমাদের কোনো সুযোগই থাকবে না।’

তিনি স্বীকার করেন, পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলই ম্যাচের ফেবারিট। তবে আগের মতো অপ্রতিরোধ্য নয় বলেও মন্তব্য করেন এই নরওয়েজিয়ান কোচ।

সোলবাক্কেন বলেন, ‘ব্রাজিল এখনও ফেবারিট, কিন্তু আগের বছরের মতো বিশাল ব্যবধানে নয়। নরওয়ে জিতলে অবশ্যই সেটা চমক হবে। তবে আমাদের দল ভালো ফল করছে এবং আমাদের খেলার ধরনও আত্মবিশ্বাস জোগাচ্ছে।’

ব্রাজিলের তারকাসমৃদ্ধ দলকে মোকাবিলার পরিকল্পনার কথাও জানান তিনি। তার ভাষায়, ‘ব্রাজিলের অনেক মানসম্পন্ন খেলোয়াড় আছে। আমাদের শুধু তাদের ব্যক্তিগত নৈপুণ্যই নয়, পুরো দল হিসেবেই ব্রাজিলকে থামাতে হবে।’

নরওয়ের জন্য আরেকটি অনুপ্রেরণা তাদের অতীত রেকর্ড। ব্রাজিলের বিপক্ষে চার দেখায় এখনো হারেনি ইউরোপের দেশটি। ১৯৯৮ বিশ্বকাপের গ্রুপ পর্বে ব্রাজিলকে হারানোর স্মৃতিও রয়েছে তাদের। যদিও সেই জয়কে ভিন্ন প্রেক্ষাপটের বলে উল্লেখ করেছেন সোলবাক্কেন। তিনি বলেন, ‘তখন ব্রাজিল আগেই পরের পর্ব নিশ্চিত করেছিল। কিন্তু এবার নকআউট ম্যাচ, যেখানে জিতলেই কেবল পরের ধাপে যাওয়া যাবে।’

এদিকে, ম্যাচ গড়ালে টাইব্রেকারের জন্যও প্রস্তুত নরওয়ে। সোলবাক্কেন জানান, পেনাল্টি শুটআউটের জন্য খেলোয়াড়দের আলাদা প্রস্তুতি করানো হয়েছে এবং প্রথম পাঁচ শট কে নেবেন, সেটিও আগেই নির্ধারণ করা হয়েছে।

মানবকণ্ঠ/এমআর