Image description

ময়মনসিংহ নগরীর রামকৃষ্ণ মিশন রোডের ছত্রিশবাড়ী এলাকায় মিজানুর রহমান রুবেল ওরফে কাইল্যা রুবেল (৪০) নামে এক যুবককে ঘরে ঢুকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় জড়িত সন্দেহে তিনজনকে আটক করেছে পুলিশ।

রোববার (৫ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

নিহত রুবেল ওই এলাকার আব্দুল হামিদের ছেলে। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, তিনি মাদকসেবী হিসেবে পরিচিত ছিলেন।

হত্যাকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন ময়মনসিংহের পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসান। তিনি জানান, হত্যার রহস্য উদঘাটনে সন্দেহভাজন তিনজনকে আটক করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ শেষে ঘটনার প্রকৃত কারণ জানা যাবে।

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিবিরুল ইসলাম জানান, নিহত রুবেলের বিরুদ্ধে একাধিক মাদক ও ছিনতাইয়ের মামলা রয়েছে। তিনি এলাকার চিহ্নিত সন্ত্রাসী, নেশাখোর ও বখাটে হিসেবে পরিচিত ছিলেন। এছাড়া নারীসংক্রান্ত বিরোধও এই হত্যাকাণ্ডের পেছনে ভূমিকা থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।

ওসি আরও জানান, যে বাড়িতে রুবেল ভাড়া থাকতেন, সেই বাড়ির মালিক এক নারীর সঙ্গে তার পরকীয়ার সম্পর্ক ছিল বলে অভিযোগ রয়েছে। ওই নারীর চার ছেলেকে আটক করা গেলে হত্যার রহস্য উদঘাটন হতে পারে বলে মনে করছে পুলিশ। ঘটনার পর ওই নারী ও তার চার ছেলে পলাতক রয়েছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার বেলা সাড়ে ১১টার দিকে কয়েকজন দুর্বৃত্ত রুবেলের ঘরে ঢুকে প্রথমে বাঁশ দিয়ে তাকে মারধর করে। পরে ধারালো অস্ত্র দিয়ে তার গলা কেটে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঘটনার পর পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। গ্রেফতার আতঙ্কে ওই কলোনির অনেক মাদকসেবী ও বখাটে এলাকা ছেড়ে গা-ঢাকা দিয়েছেন। পুলিশ হত্যাকাণ্ডের প্রকৃত কারণ উদঘাটন এবং পলাতকদের গ্রেফতারে অভিযান চালাচ্ছে।