শান্তিরক্ষা মিশনে আরও বেশি বাংলাদেশি নিয়োগের আহ্বান স্বরাষ্ট্র মন্ত্রীর
জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশি শান্তিরক্ষী ও পুলিশ সদস্যদের সংখ্যা বাড়ানো এবং নীতিনির্ধারণী বা নেতৃত্বস্থানীয় পদে বাংলাদেশিদের আরও বেশি নিয়োগের আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রী সালাহউদ্দিন আহমেদ। একইসঙ্গে বিশেষায়িত পুলিশ ইউনিট পাঠানোর ক্ষেত্রে জাতিসংঘের জোরালো সমর্থনও চেয়েছেন তিনি।
স্থানীয় সময় সোমবার (৬ জুলাই) নিউইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে দুই জন আন্ডার-সেক্রেটারি-জেনারেলের সঙ্গে পৃথক বৈঠকে তিনি এ আহ্বান জানান। বৈঠকে মন্ত্রী বাংলাদেশের দীর্ঘদিনের শান্তিরক্ষা অবদান, পেশাগত সক্ষমতা এবং ভবিষ্যৎ প্রস্তুতির কথা তুলে ধরেন।
জাতিসংঘের শান্তিরক্ষা কার্যক্রমবিষয়ক আন্ডার-সেক্রেটারি-জেনারেল জ্যঁ-পিয়েরে ল্যাক্রোয়ার সঙ্গে বৈঠকে স্বরাষ্ট্র মন্ত্রী বাংলাদেশের একটি ফর্মড পুলিশ ইউনিটকে (এফপিইউ) ‘র্যাপিড ডিপ্লয়ম্যান্ট লেভেল’-এ উন্নীত করা এবং জাতিসংঘ সদর দপ্তর ও ফিল্ড মিশনে বাংলাদেশি কর্মকর্তাদের জন্য আরও নীতিনির্ধারণী ও পেশাগত পদ বরাদ্দের অনুরোধ জানান।
জ্যঁ-পিয়েরে ল্যাক্রোয়া শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশের ধারাবাহিক অবদানের ভূয়সী প্রশংসা করেন এবং দক্ষ পুলিশ সদস্য পাঠাতে বাংলাদেশের প্রস্তুতিকে স্বাগত জানান। তিনি বহুপাক্ষিক কূটনীতিতে বাংলাদেশের গঠনমূলক ভূমিকারও প্রশংসা করেন।
এরপর জাতিসংঘের অপারেশনাল সাপোর্টবিষয়ক আন্ডার-সেক্রেটারি-জেনারেল অতুল খারের সঙ্গে পৃথক বৈঠকে মিলিত হন স্বরাষ্ট্র মন্ত্রী। বৈঠকে হাইতিতে বাংলাদেশ পুলিশের বিশেষায়িত ইউনিট মোতায়েন, লজিস্টিক সরঞ্জাম, রি-ইম্বার্সমেন্ট এবং নারী শান্তিরক্ষীদের জন্য সহায়ক অবকাঠামো নির্মাণ নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
অতুল খারে শান্তি প্রতিষ্ঠা ও শান্তিরক্ষা মিশনে বাংলাদেশিদের গুরুত্বপূর্ণ ভূমিকার প্রশংসা করে জানান, বাংলাদেশি শান্তিরক্ষীদের প্রয়োজনীয় অপারেশনাল সহায়তা ভবিষ্যতেও অব্যাহত রাখা হবে।
মানবকণ্ঠ/ডিআর




Comments