রেললাইন তলিয়ে চট্টগ্রামে আটকা পর্যটক এক্সপ্রেস, দুর্ভোগে প্রায় হাজার যাত্রী
টানা ভারী বৃষ্টিতে সৃষ্ট জলাবদ্ধতায় রেললাইন পানির নিচে তলিয়ে যাওয়ায় চট্টগ্রামের ষোলশহরে আটকা পড়েছে কক্সবাজারগামী পর্যটক এক্সপ্রেস। মঙ্গলবার (৭ জুলাই) দুপুর পৌনে ১টা থেকে ট্রেনটি ষোলশহর স্টেশন সংলগ্ন মুরাদপুর এলাকায় আটকে রয়েছে। এতে প্রায় এক হাজার যাত্রী দুর্ভোগে পড়েছেন।
রেলওয়ে জানিয়েছে, রেললাইন থেকে পানি না নামা পর্যন্ত ট্রেনটি কক্সবাজারের উদ্দেশে যাত্রা করতে পারবে না। নির্ধারিত সময় অনুযায়ী ট্রেনটির দুপুর ২টা ৪০ মিনিটে কক্সবাজার পৌঁছানোর কথা ছিল।
চট্টগ্রাম বিভাগীয় রেলওয়ের ব্যবস্থাপক মোস্তাফিজুর রহমান ভূঁঞা বিকেল পৌনে ৪টার দিকে জানান, ষোলশহর স্টেশন ছাড়ার পরই ট্রেনটি পানিতে তলিয়ে যাওয়া রেললাইনের কারণে আটকে যায়। পরে যাত্রীদের সুবিধার কথা বিবেচনা করে ট্রেনটি পিছিয়ে আবার ষোলশহর স্টেশনে নিয়ে রাখা হয়েছে। তবে এখনও রেললাইন পানির নিচে থাকায় ট্রেন চলাচল শুরু করা সম্ভব হয়নি।
রেলওয়ে সূত্র জানায়, মঙ্গলবার সকাল ৬টা ১৫ মিনিটে ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে কক্সবাজারের উদ্দেশে যাত্রা শুরু করে পর্যটক এক্সপ্রেস। দুপুর ১২টা ৩৫ মিনিটে ট্রেনটি চট্টগ্রামের ষোলশহর স্টেশন অতিক্রম করার পর কিছু দূর এগোতেই জলাবদ্ধতার কারণে আটকে যায়।
রেল কর্তৃপক্ষ জানিয়েছে, পরিস্থিতি স্বাভাবিক হলে এবং রেললাইন থেকে পানি সরে গেলে ট্রেনটি পুনরায় কক্সবাজারের উদ্দেশে ছেড়ে যাবে।




Comments