Image description

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধসে মক্তবের আট শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচজন। তাদের হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

বুধবার (৮ জুলাই) বিকেল ৬টার দিকে শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার (আরআরআরসি) মো. মিজানুর রহমান এ তথ্য নিশ্চিত করেন। তবে নিহত আট শিক্ষার্থীর সবার পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

এর আগে দুপুরে টানা ভারী বর্ষণের মধ্যে উখিয়ার ৫ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের খতিজাতুল মহিলা হেফজখানার পাশে পাহাড়ধসের ঘটনা ঘটে।

দুর্ঘটনার পর ১৪ এপিবিএনের অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) মো. সিরাজ আমিন জানান, ভারী বৃষ্টিতে পাহাড়ের একটি অংশ ধসে হেফজখানার দেয়াল ভেঙে পাশের মক্তবের ওপর পড়ে। ওই সময় সেখানে ৩০ জনের বেশি শিশু কোরআন শিক্ষা নিচ্ছিল।

প্রত্যক্ষদর্শীরা জানান, পাহাড়ধসের সঙ্গে সঙ্গেই মক্তবের ভেতরে আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট, এপিবিএন সদস্য, স্থানীয় রোহিঙ্গা স্বেচ্ছাসেবক এবং বিভিন্ন মানবিক সংস্থার কর্মীরা উদ্ধার অভিযান শুরু করেন। ধ্বংসস্তূপ সরিয়ে হতাহতদের উদ্ধার করা হয়।

প্রাথমিকভাবে নিহতদের মধ্যে রাশিদা বেগম (১৩), উম্মে নেজাতুল (১৩), উম্মে সালমা (১২) ও উমাইসা বিবি (১৩)-এর পরিচয় নিশ্চিত হওয়া গেছে। অপর নিহতদের পরিচয় নিশ্চিত করার কাজ চলছে।

উখিয়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার ডলার ত্রিপুরা জানান, উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে এবং পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।