Image description

কুমিল্লার বুড়িচং উপজেলার নিমসার এলাকায় তালাবদ্ধ একটি ভাড়া বাসা থেকে মো. ইব্রাহিম (৩৫) নামে এক পিকআপ চালকের ঝুলন্ত অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় তার দ্বিতীয় স্ত্রী রেহেনা বেগমকে খুঁজে পাওয়া যাচ্ছে না।

রোববার (১২ জুলাই) বিকেলে মরদেহটি উদ্ধার করা হয়। বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লুৎফর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, প্রথম স্ত্রী ও সন্তান থাকা অবস্থায় প্রায় ছয়-সাত মাস আগে দ্বিতীয় বিয়ে করেন ইব্রাহিম। এরপর তিনি দ্বিতীয় স্ত্রীকে নিয়ে নিমসার এলাকার ওই ভাড়া বাসায় বসবাস শুরু করেন। প্রথম স্ত্রী ও সন্তানের ভরণপোষণ নিয়ে তাদের মধ্যে প্রায়ই পারিবারিক বিরোধ হতো।

স্থানীয়দের ভাষ্য, রোববার দুপুরে পাশের বাসার ভাড়াটিয়ারা দুর্গন্ধ পেয়ে বাড়ির মালিককে জানান। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তালাবদ্ধ ঘরের ভেতর সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচানো অবস্থায় ঝুলন্ত অর্ধগলিত মরদেহ উদ্ধার করে।

ওসি মো. লুৎফর রহমান বলেন, প্রাথমিক আলামতের ভিত্তিতে ঘটনাটি হত্যাকাণ্ড হতে পারে বলে ধারণা করা হচ্ছে। নিহতের দ্বিতীয় স্ত্রী রেহেনা বেগমের অবস্থান এখনো জানা যায়নি এবং তার ব্যবহৃত মোবাইল ফোনও বন্ধ রয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং হত্যার রহস্য উদ্ঘাটনে পুলিশ তদন্ত শুরু করেছে।