চট্টগ্রাম বোর্ডের অভিন্ন প্রশ্নে পরীক্ষা দিতে পারবেন অনুপস্থিত পরীক্ষার্থীরা: শিক্ষামন্ত্রী
প্রতিকূল আবহাওয়া বা অনিবার্য কারণে যেসব পরীক্ষার্থী চলতি এইচএসসি ও সমমান পরীক্ষায় অংশগ্রহণ করতে পারেননি, তাদের জন্য বিশেষ সুযোগের ঘোষণা দিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তারা চট্টগ্রাম বোর্ডের স্থগিত হওয়া বিষয়ের অভিন্ন প্রশ্নপত্রে নির্ধারিত তারিখে পরীক্ষায় অংশ নিতে পারবেন।
বুধবার (১৫ জুলাই) জাতীয় সংসদে ৩০০ বিধিতে দেওয়া এক বিবৃতিতে শিক্ষামন্ত্রী এ তথ্য জানান।
বিবৃতিতে মন্ত্রী বলেন, ‘চলমান এইচএসসি ও সমমান পরীক্ষা ২০২৬-এ সারা দেশের ২ হাজার ৬৯৭টি কেন্দ্রে ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে। সম্প্রতি ভারী বর্ষণ ও বৈরী আবহাওয়ার কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের আওতাধীন চট্টগ্রাম, কক্সবাজার, খাগড়াছড়ি, রাঙামাটি ও বান্দরবান জেলার পরীক্ষা স্থগিত করা হয়েছিল। এই বোর্ডের বাইরেও দেশের বিভিন্ন স্থানে বিচ্ছিন্নভাবে কিছু পরীক্ষার্থী প্রতিকূল পরিস্থিতির কারণে পরীক্ষায় অংশ নিতে পারেননি। তাদের ভবিষ্যতের কথা চিন্তা করে বিশেষ বিবেচনায় এই সুযোগ দেওয়া হচ্ছে।’
শিক্ষামন্ত্রী আরও জানান, যারা কোনো বিষয়ে পরীক্ষা দিতে পারেননি, তারা চট্টগ্রাম বোর্ডের স্থগিত হওয়া সংশ্লিষ্ট বিষয়ের একই প্রশ্নপত্রে এবং একই সময়ে পরীক্ষায় বসতে পারবেন।
এদিকে, পদার্থবিজ্ঞান প্রথম পত্রের প্রশ্নপত্রে ভুলের বিষয়ে শিক্ষামন্ত্রী বলেন, ‘প্রশ্নপত্র প্রণয়নে ভুলের জন্য দায়ীদের ইতোমধ্যে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। উক্ত পরীক্ষার ৬ ও ৭ নম্বর প্রশ্নে ভুলের কারণে ক্ষতিগ্রস্ত সকল পরীক্ষার্থীকে পূর্ণ নম্বর দেওয়া হবে।’
এইচএসসি পরীক্ষা শিক্ষার্থীদের জীবনের একটি গুরুত্বপূর্ণ ধাপ উল্লেখ করে মন্ত্রী বলেন, শিক্ষার্থীদের শিক্ষা জীবন যাতে ক্ষতিগ্রস্ত না হয়, সেজন্য সরকার সবসময় সজাগ রয়েছে।
মানবকণ্ঠ/ডিআর




Comments