রুদ্ধশ্বাস লড়াই শেষে ইংল্যান্ডকে ২-১ গোলে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের ফাইনালে জায়গা করে নিয়েছে আর্জেন্টিনা। শেষ বাঁশি বাজার সঙ্গে সঙ্গেই উল্লাসে ফেটে পড়েন লিওনেল মেসি ও তার সতীর্থরা।
আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে অনুষ্ঠিত দ্বিতীয় সেমিফাইনালে প্রথমে ৫৫তম মিনিটে অ্যান্থনি গর্ডনের গোলে এগিয়ে যায় ইংল্যান্ড। তবে শেষ দিকে দারুণ প্রত্যাবর্তন করে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা।
ম্যাচের ৮৬তম মিনিটে লিওনেল মেসির পাস থেকে এনজো ফার্নান্দেজ সমতা ফেরান। এরপর যোগ করা সময়ে মেসির আরেকটি নিখুঁত অ্যাসিস্ট থেকে লাউতারো মার্তিনেজ হেডে জয়সূচক গোল করে আর্জেন্টিনাকে ২-১ ব্যবধানে এগিয়ে দেন।
রেফারি ৯ মিনিট অতিরিক্ত সময় যোগ করলেও খেলা গড়ায় আরও কয়েক মিনিট। অবশেষে শেষ বাঁশি বাজার সঙ্গে সঙ্গে নিশ্চিত হয় আর্জেন্টিনার ফাইনালের টিকিট। টানা দ্বিতীয়বার বিশ্বকাপের ফাইনালে ওঠার পাশাপাশি ২০২২ সালে জেতা শিরোপা ধরে রাখার সুযোগও পেল লিওনেল স্কালোনির দল।
আগামী ১৯ জুলাই বিশ্বকাপের ফাইনালে স্পেনের মুখোমুখি হবে আর্জেন্টিনা। অন্যদিকে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে ফ্রান্সের বিপক্ষে খেলবে ইংল্যান্ড।




Comments