Image description

কানাডাজুড়ে বৃহস্পতিবার (১৬ জুলাই) পর্যন্ত ৮৫০টির বেশি দাবানল জ্বলছে। দেশটির কানাডিয়ান ওয়াইল্ডল্যান্ড ফায়ার ইনফরমেশন সিস্টেম জানিয়েছে, দাবানলের ধোঁয়া কানাডার বিভিন্ন অঞ্চল ছাড়িয়ে আশপাশের এলাকাতেও ছড়িয়ে পড়ছে।

আনাদোলু এজেন্সির প্রতিবেদনে বলা হয়, সবচেয়ে বেশি প্রভাব পড়েছে কানাডার বৃহত্তম শহর টরন্টোতে। প্রায় ২৮ লাখ মানুষের এই শহরে বর্তমানে বিশ্বের সবচেয়ে দূষিত বাতাস রেকর্ড করা হয়েছে। পরিবেশ সংস্থা এনভায়রনমেন্ট কানাডা টরন্টো ও দক্ষিণ অন্টারিওর বিস্তীর্ণ এলাকায় জরুরি সতর্কতা জারি করেছে। এতে বাসিন্দাদের স্বাস্থ্যঝুঁকির কারণে ঘরের ভেতরে থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

দাবানলের ধোঁয়ায় থাকা বিষাক্ত গ্যাস ফুসফুস ও রক্তপ্রবাহে প্রবেশ করে হৃদরোগ, স্ট্রোক এবং হাঁপানির ঝুঁকি উল্লেখযোগ্যভাবে বাড়িয়ে দেয়।

দাবানলের কারণে ইতোমধ্যে হাজারো মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে এবং আরও অনেক এলাকায় সরিয়ে নেওয়ার প্রস্তুতিতে রয়েছে। বজ্রপাতের কারণে শুকনো বনাঞ্চলে আগুন লাগার পাশাপাশি মানবসৃষ্ট কারণেও অনেক দাবানলের সূত্রপাত হয়েছে।

সবচেয়ে ভয়াবহ পরিস্থিতি উত্তর অন্টারিওতে। সেখানে বর্তমানে ১৩৬টি দাবানল জ্বলছে। বৃহস্পতিবার পর্যন্ত পুরো অন্টারিও প্রদেশে ৪৮৩টি দাবানল রেকর্ড করা হয়েছে, যা ২০২৫ সালের একই সময়ের ৩৫১টির তুলনায় অনেক বেশি।

পরিস্থিতির আরও অবনতি হলে সরিয়ে নেওয়ার কাজে সহায়তার জন্য বিমান প্রস্তুত রাখতে কানাডার ফেডারেল সরকারকে অনুরোধ জানিয়েছে অন্টারিও প্রাদেশিক সরকার।

দাবানলের ধোঁয়ার প্রভাব শুধু কানাডাতেই সীমাবদ্ধ নয়; এটি সীমান্ত পেরিয়ে প্রতিবেশী অঞ্চলগুলোর বাতাসের মানও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করছে।
মানবকণ্ঠ/এমআর