Image description

বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে হারের পর এবার মুখ খুলেছেন আর্জেন্টিনার মিডফিল্ডার অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক আবেগঘন বার্তায় তিনি সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশের পাশাপাশি সমালোচক ও ট্রোলকারীদের উদ্দেশেও দিয়েছেন কড়া বার্তা।

ফাইনালে পরাজয়ের পর রানার্সআপ ট্রফি নিয়ে দেশে ফেরার পর ইনস্টাগ্রামে দেওয়া পোস্টে ম্যাক অ্যালিস্টার লিখেছেন, "আমরা শিরোপার খুব কাছাকাছি ছিলাম, তাই কষ্টটাও অনেক বেশি। তবে এই বিশ্বকাপে আমরা যে অভিজ্ঞতা অর্জন করেছি, তা কেউ কখনও আমাদের কাছ থেকে কেড়ে নিতে পারবে না।"

তিনি আরও বলেন, "আপনারা আমাদের যে ভালোবাসা দিয়েছেন, তা অসাধারণ। আমরা কঠিন সময় পার করেছি, নানা প্রতিকূলতার মুখোমুখি হয়েছি, কিন্তু সবাই মিলে তা অতিক্রম করেছি। মনে রাখবেন, একসঙ্গে থাকলে আমরা অন্য যেকোনো দলের চেয়ে শক্তিশালী।"

২০২২ সালের বিশ্বকাপজয়ী এই মিডফিল্ডার জানান, এবারের আসরের দুটি মুহূর্ত তার হৃদয়ে চিরস্থায়ী হয়ে থাকবে।

প্রথমটি ছিল ফাইনালের পর রানার্সআপ পদক গ্রহণের সময়, যখন স্টেডিয়ামজুড়ে আর্জেন্টাইন সমর্থকেরা একসঙ্গে গান গেয়ে দলকে সাহস জুগিয়েছিলেন। দ্বিতীয়টি ছিল বুয়েনস আইরেসে দেশে ফেরার পর হাজারো সমর্থকের উষ্ণ অভ্যর্থনা।

তার ভাষায়, "বৃষ্টি আর প্রচণ্ড ঠান্ডাও আমাদের দেশের মানুষের ভালোবাসাকে থামাতে পারেনি। আপনারা সত্যিই পাগল আর এই পাগলামির কারণেই আমরা আপনাদের এত ভালোবাসি।"

ম্যাক অ্যালিস্টার জানান, তার মা মারিয়া সিলভিনা রিয়েলা তাকে একটি পুরোনো প্রবাদ মনে করিয়ে দিয়েছেন। সেই কথাই তিনি সমর্থকদের উদ্দেশে তুলে ধরেন।

"কাঁদুন, কারণ আমরা আর্জেন্টাইন এবং আমরা সবসময় জিততে চাই। কিন্তু কাঁদার পর আবার উঠে দাঁড়ান, ঐক্যবদ্ধ থাকুন এবং সামনে এগিয়ে যান। এই যাত্রা এখানেই শেষ নয়। যে খেলা আপনাকে আবার সুযোগ দেয়, তাকে কখনো ভয় পাবেন না।"

পোস্টের শেষাংশে জাতীয় দলের পরিবার, কোচিং স্টাফ, বন্ধু এবং কোটি সমর্থকের প্রতি কৃতজ্ঞতা জানান এই ২৭ বছর বয়সী ফুটবলার।

একই সঙ্গে আর্জেন্টিনার পরাজয়ে যারা আনন্দ প্রকাশ করেছেন বা সামাজিক মাধ্যমে ট্রোল করেছেন, তাদের উদ্দেশে তিনি বলেন,

"আমাদের নিয়ে যারা ট্রোল করেছেন কিংবা আমাদের কষ্ট উপভোগ করেছেন, তাদেরও ধন্যবাদ। হয়তো আপনারা বুঝতে পারেন না, কিন্তু আপনাদের এই আচরণ প্রতিদিন আমাদের একজন আর্জেন্টাইন হিসেবে আরও বেশি গর্বিত করে তোলে।"

সূত্র: মার্কা