Image description

ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের নতুন প্রধান রোমান গোফম্যান যুক্তরাষ্ট্র সফরে গিয়ে মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএর পরিচালক জন র‍্যাটক্লিফের সঙ্গে বৈঠক করেছেন। বৈঠকে ইরানের সঙ্গে চলমান সংঘাত এবং দেশটির পরমাণু কর্মসূচির সর্বশেষ পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে।

বুধবার (২২ জুলাই) মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওস-এর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। তবে বৈঠক সম্পর্কে আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি সিআইএ বা মোসাদ।

গত ২ জুন মোসাদের প্রধান হিসেবে দায়িত্ব নেওয়ার পর এটিই রোমান গোফম্যানের প্রথম যুক্তরাষ্ট্র সফর। প্রতিবেদনে বলা হয়েছে, ইরানকে ঘিরে চলমান কূটনৈতিক তৎপরতার মধ্যে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের অবস্থান সমন্বয় করাই ছিল এই সফরের অন্যতম উদ্দেশ্য।

অ্যাক্সিওসের প্রতিবেদনে আরও বলা হয়, ইরানের সঙ্গে স্বাক্ষরিত সমঝোতা স্মারক (এমওইউ) নিয়ে শুরু থেকেই সংশয় প্রকাশ করেছিলেন সিআইএ পরিচালক জন র‍্যাটক্লিফ। তার আশঙ্কা, চুক্তির বিভিন্ন ধারা ইরান ভিন্নভাবে ব্যাখ্যা করতে পারে, যা বাস্তবায়নকে জটিল করে তুলতে পারে।

রোমান গোফম্যানকে গত ২ জুন মোসাদ প্রধান হিসেবে নিয়োগ দেওয়া হয়। তবে তার নিয়োগকে ঘিরে ইসরায়েলে আইনি বিতর্ক সৃষ্টি হয়। জ্যেষ্ঠ নিয়োগ পরামর্শ কমিটির অনুমোদনের পরও তার নিয়োগের বিরুদ্ধে দুটি আবেদন করা হয়।

ইসরায়েলের অ্যাটর্নি জেনারেল গালি বাহারাভ-মিয়ারা নিয়োগের বিরোধিতা করলেও ১ জুন দেশটির হাইকোর্ট সংখ্যাগরিষ্ঠ মতামতের ভিত্তিতে আবেদনগুলো খারিজ করে দেন। তবে বিচারপতি ডাফনা বারাক-এরেজ ভিন্নমত জানিয়ে বলেন, নিয়োগ কার্যকর করার আগে বিষয়টি আরও পর্যালোচনা করা উচিত ছিল।