Image description

বাংলা সাহিত্যে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ১০ জন কবি ও লেখককে ‘এসবিএসপি সাহিত্য পুরস্কার ২০২৫’ প্রদান করেছে সোনার বাংলা সাহিত্য পরিষদ (এসবিএসপি)। শুক্রবার (২৪ জুলাই) রাজধানীর শিল্পকলা একাডেমির সংগীত ও নৃত্যশালায় আয়োজিত এক অনুষ্ঠানে বিজয়ীদের হাতে এই সম্মাননা ও পুরস্কার তুলে দেওয়া হয়।

এসবিএসপির নির্বাহী সভাপতি ও কবি-শিশুসাহিত্যিক এনাম আনন্দের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত কবি রেজাউদ্দিন স্টালিন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন এসবিএসপির সভাপতি আহমেদ সৈয়দ শাহনুর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাট্যকার ও কথাসাহিত্যিক ফেরদৌস হাসান, কবি ও অভিনেতা এবিএম সোহেল রশীদ এবং জাসাস ঢাকা মহানগর দক্ষিণের ভারপ্রাপ্ত আহ্বায়ক শওকত আজিজ।

এ বছর সাহিত্যচর্চায় বিশেষ অবদানের জন্য পুরস্কারপ্রাপ্তরা হলেন—কবিতায় মতিন বৈরাগী, দুখু বাঙাল, মজিদ মাহমুদ, ড. হাফিজ রহমান এবং শিশুসাহিত্যে হাসনাত আমজাদ। এছাড়া কথাসাহিত্যে সমীর আহমেদ, রেজুয়ান আহম্মেদ, এ কে এম সুলতান মাহামুদ, শাহানাজ ইয়াসমিন এবং নুসরাত সুলতানা পুরস্কার গ্রহণ করেন।

উল্লেখ্য, গত ৯ বছর ধরে বাংলা সাহিত্যের বিকাশে নিয়মিতভাবে এই সম্মাননা দিয়ে আসছে সোনার বাংলা সাহিত্য পরিষদ (এসবিএসপি)। প্রতি বছর জমকালো আয়োজনের মধ্য দিয়ে সাহিত্যিকদের এই স্বীকৃতি প্রদান করা হয়।