Image description

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় একমাত্র ছেলের ছুরিকাঘাতে বাবা-মা নিহত হয়েছেন। শনিবার দুপুরে উপজেলার হাইলধর পূর্ব গুজরা এলাকার চৈতন্য মহাজন বাড়িতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় অভিযুক্ত ছেলে রিমন দাশ গুপ্তকে (৪২) আটক করেছে পুলিশ।

নিহতরা হলেন, স্বপন দাশ গুপ্ত (৬৫) ও তার স্ত্রী কল্পনা দাশ (৫৫)। তারা হাইলধর পূর্ব গুজরা এলাকার বাসিন্দা।

পুলিশ ও স্বজনদের তথ্য অনুযায়ী, শনিবার সকালে বাইরে থেকে বাড়ি ফেরার পর পারিবারিক বিরোধের একপর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে প্রথমে মা কল্পনা দাশকে আঘাত করেন রিমন। মাকে রক্ষা করতে এগিয়ে এলে বাবা স্বপন দাশ গুপ্তও হামলার শিকার হন। ঘটনাস্থলেই কল্পনা দাশের মৃত্যু হয়। গুরুতর আহত স্বপন দাশ গুপ্তকে আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে প্রাথমিক চিকিৎসা শেষে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরের পথে তিনি মারা যান।

নিহতের স্বজন তিথি দাশ জানান, রিমন দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলেন এবং একাধিকবার মাদক নিরাময় কেন্দ্রে চিকিৎসা নিয়েছেন।

আনোয়ারা সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মাহমুদুল হাসান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত রিমন দাশ গুপ্তকে আটক করা হয়েছে। নিহত দুজনের মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে।

পুলিশ জানিয়েছে, হত্যাকাণ্ডের কারণ ও ঘটনার পেছনের প্রকৃত উদ্দেশ্য উদঘাটনে তদন্ত চলছে।