Image description

সৌদি আরবের দক্ষিণাঞ্চলীয় আসির প্রদেশের কিং খালিদ বিমানঘাঁটি এবং জিজান অঞ্চলের তেল স্থাপনায় ক্ষেপণাস্ত্র হামলার দাবি করেছে ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী আনসার আল্লাহ (হুথি)। শনিবার (২৫ জুলাই) ভোরে এ হামলা চালানো হয়েছে বলে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ইয়েমেনে তৈরি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে খামিস মুশাইত শহরের কাছে অবস্থিত কিং খালিদ বিমানঘাঁটিকে লক্ষ্য করে হামলা চালানো হয়। একই সময়ে সৌদি রাষ্ট্রায়ত্ত তেল ও গ্যাস কোম্পানি সৌদি আরামকোর জিজান অঞ্চলের একটি তেল স্থাপনাতেও একাধিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপের দাবি করেছে হুথিরা।

হুথিদের দাবি, ইয়েমেনে সৌদি আরবের সাম্প্রতিক সামরিক অভিযান এবং দীর্ঘদিনের অবরোধের প্রতিশোধ হিসেবে এ হামলা চালানো হয়েছে।

স্থানীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, হামলার পর জিজানের কয়েকটি এলাকায় বিদ্যুৎ সরবরাহ বিঘ্নিত হয়। এছাড়া সৌদি আরবের বন্দরনগরী ইয়ানবুতেও বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে খবর প্রকাশিত হয়েছে।

অন্যদিকে, হুথিদের ঘনিষ্ঠ সংবাদমাধ্যমের দাবি, হামলার আগে সৌদি বাহিনী পশ্চিম ইয়েমেনের আল-হুদাইদা ও কামরান দ্বীপে একাধিক বিমান হামলা চালায়। হুথিদের দাবি, তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সৌদি যুদ্ধবিমানগুলোকে ইয়েমেনের আকাশসীমা ত্যাগ করতে বাধ্য করে।

এ ঘটনার পর ইয়েমেনের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে সৌদি আরবকে সতর্ক করে বলেছে, ইয়েমেনে সামরিক অভিযান অব্যাহত থাকলে এর পরিণতির দায় সৌদি কর্তৃপক্ষকেই বহন করতে হবে।

তবে হামলায় ক্ষয়ক্ষতি বা হতাহতের বিষয়ে সৌদি কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে কোনো আনুষ্ঠানিক তথ্য প্রকাশ করেনি।