ট্রাম্পের ক্ষমার পর দেশে ফিরলেন হন্ডুরাসের সাবেক প্রেসিডেন্ট হার্নান্দেজ
যুক্তরাষ্ট্রে মাদক ও অস্ত্র পাচারের মামলায় কারাদণ্ড ভোগের সময় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ক্ষমা পাওয়ার আট মাস পর নিজ দেশ হন্ডুরাসে ফিরেছেন সাবেক প্রেসিডেন্ট হুয়ান অরল্যান্ডো হার্নান্দেজ।
রোববার ব্যক্তিমালিকানাধীন একটি বিমানে রাজধানী তেগুসিগালপা থেকে প্রায় ৬০ কিলোমিটার দূরের পালমেরোলা আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি। বিমানবন্দরে তাকে স্বাগত জানান তার মা, স্ত্রী আনা গার্সিয়া, কন্যাসহ পরিবারের সদস্যরা। সেখানে উপস্থিত শত শত সমর্থকের উদ্দেশে হাত নেড়ে শুভেচ্ছা জানান সাবেক এই প্রেসিডেন্ট।
দেশে ফিরে রানওয়েতেই পরিবারের সদস্যদের সঙ্গে হাঁটু গেড়ে প্রার্থনা করেন হার্নান্দেজ। পরে তিনি তেগুসিগালপার তোনকোনতিন বিমানবন্দরের উদ্দেশে আরেকটি ফ্লাইটে রওনা হন।
তবে দেশে ফিরলেও আইনি জটিলতা কাটেনি তার। জালিয়াতি ও অর্থপাচারের অভিযোগে আগামী ৩ আগস্ট তাকে আদালতে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। যদিও এর আগে জারি করা গ্রেপ্তারি পরোয়ানা স্থগিত থাকায় বিমানবন্দরে তাকে আটক করা হয়নি।
রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে ৫৭ বছর বয়সী হার্নান্দেজ বলেন, নিজের বিরুদ্ধে আনা অভিযোগগুলো তিনি আদালতে চ্যালেঞ্জ করবেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি জানান, দীর্ঘদিন পর স্বদেশে ফিরতে পেরে তিনি আবেগাপ্লুত। কারাগারের অভিজ্ঞতা স্মরণ করে তিনি বলেন, এমন কঠিন অভিজ্ঞতা তিনি শত্রুর জন্যও কামনা করবেন না।
২০১৪ থেকে ২০২২ সাল পর্যন্ত টানা দুই মেয়াদে হন্ডুরাসের প্রেসিডেন্ট ছিলেন হার্নান্দেজ। ২০২২ সালে তাকে গ্রেপ্তার করে যুক্তরাষ্ট্রে পাঠানো হয়। পরে ২০২৪ সালে মাদক ও অস্ত্র পাচারের দায়ে মার্কিন আদালত তাকে ৪৫ বছরের কারাদণ্ড দেন। তবে শুরু থেকেই তিনি নিজেকে নির্দোষ দাবি করে আসছেন।
এদিকে, ২০২৫ সালের শেষ দিকে ট্রাম্পের ক্ষমা ঘোষণাকে ঘিরে হন্ডুরাসে ব্যাপক রাজনৈতিক বিতর্কের সৃষ্টি হয়। বিরোধীরা এটিকে দেশটির রাজনীতিতে যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপ বলে সমালোচনা করলেও, সেই ক্ষমার সিদ্ধান্ত হন্ডুরাসে তার বিরুদ্ধে চলমান মামলাগুলোর ওপর কোনো প্রভাব ফেলেনি।
এ ছাড়া ‘প্যান্ডোরা-২’ দুর্নীতি তদন্তে ২০১০ থেকে ২০১৩ সালের মধ্যে প্রায় ১১ মিলিয়ন ডলারের সরকারি অর্থ রাজনৈতিক প্রচারণায় ব্যবহারের অভিযোগেও তিনি অভিযুক্ত। যদিও একই মামলার অন্য কয়েকজন অভিযুক্তের বিরুদ্ধে অভিযোগ ইতোমধ্যে প্রত্যাহার করা হয়েছে।
হার্নান্দেজ জানিয়েছেন, আপাতত রাজনীতিতে ফেরার পরিকল্পনা না থাকলেও ভবিষ্যতে সে সম্ভাবনা পুরোপুরি উড়িয়ে দিচ্ছেন না। দলের নতুন নেতৃত্বকে নিজের রাজনৈতিক অভিজ্ঞতা দিয়ে সহযোগিতা করতে প্রস্তুত বলেও জানান তিনি।




Comments