অবশেষে বাংলাদেশের চলচ্চিত্রে অভিনয় করতে যাচ্ছেন কলকাতার জনপ্রিয় অভিনেত্রী মধুমিতা সরকার। দীর্ঘদিনের জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে নির্মাতা মোহাম্মদ ইকবালের নতুন সিনেমা ‘গুলশানের চামেলি’-তে গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করবেন তিনি।
যদিও প্রযোজনা প্রতিষ্ঠান বা নির্মাতার পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি, তবে বাংলাদেশে কাজ করার বিষয়টি নিজেই গণমাধ্যমকে নিশ্চিত করেছেন মধুমিতা।
বাংলাদেশে কাজের উচ্ছ্বাস প্রকাশ করে অভিনেত্রী বলেন, “আমি খুবই এক্সাইটেড কাজটি করার জন্য। অনেক বছর ধরেই আমার বিভিন্ন কাজে বাংলাদেশে যাওয়ার কথা ছিল, কিন্তু কোনো কারণে সেটা আর হয়ে ওঠেনি। অবশেষে সেই ইচ্ছাটা পূরণ হচ্ছে। শিগগিরই আমি আসছি।”
ছোট পর্দার জনপ্রিয় ধারাবাহিক ‘বোঝে না সে বোঝে না’-এর ‘পাখি’ চরিত্রে অভিনয় করে দর্শকদের হৃদয়ে জায়গা করে নেন মধুমিতা সরকার। পরে ‘কেয়ার করি না’ ধারাবাহিক এবং ‘চিনি’ সিনেমাসহ একাধিক কাজের মাধ্যমে দুই বাংলাতেই জনপ্রিয়তা অর্জন করেন তিনি।
দীর্ঘদিন ধরে ঢাকাই চলচ্চিত্রে তার অভিনয়ের গুঞ্জন থাকলেও এবারই প্রথম বাংলাদেশের বড় পর্দায় দেখা যাবে এই অভিনেত্রীকে। এখন অপেক্ষা, ‘গুলশানের চামেলি’ হয়ে কলকাতার জনপ্রিয় ‘পাখি’ বাংলাদেশের দর্শকদের কতটা মুগ্ধ করতে পারেন।




Comments