দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান তার অভিনয়ের পাশাপাশি ফিটনেস ও তারুণ্য ধরে রাখার জন্যও প্রশংসিত। তবে শরীরচর্চার ক্ষেত্রে প্রচলিত নিয়মের বাইরে হাঁটতেই বেশি স্বাচ্ছন্দ্যবোধ করেন তিনি। সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের তন্বী চেহারার রহস্য জানিয়ে অভিনেত্রী বলেন, নিয়মিত জিম নয়, বরং চাষাবাদ ও কায়িক শ্রমই তাকে সুস্থ ও প্রাণবন্ত রাখে।
জয়া জানান, কৌশিক গঙ্গোপাধ্যায়ের ‘আজও অর্ধাঙ্গিনী’ সিনেমার প্রস্তুতির সময় কয়েক মাস পিলাটিজ করলেও নিয়মিত জিম করার অভ্যাস তার নেই।
তিনি বলেন, “জিম করা যে দরকার, তা অস্বীকার করি না। কিন্তু নিয়মিত জিম করা হয় না আমার। আমি যেমন চাষ করি। মাটি তৈরি করা থেকে শুরু করে দরকার হলে কোদাল দিয়ে মাটি কোপানোর কাজও করি।”
অভিনেত্রীর বাড়িতে বিভিন্ন ধরনের সবজির চাষ হয়। সেই সবজি দিয়েই রান্না করা খাবার খেতে বেশি পছন্দ করেন তিনি। রাসায়নিক সারমুক্ত খাবার খাওয়ার দিকেও গুরুত্ব দেন জয়া।
তবে মাঝে মধ্যে প্রিয় খাবার পিৎজা খেলেও তা নিয়ে কোনো অপরাধবোধে ভোগেন না বলে জানান তিনি। তার ভাষায়, “মাঝে মাঝে মন ও আত্মাকেও খাওয়ানো উচিত। খুব বেশি সতর্ক হয়ে গেলে খাবার উপভোগ করা যায় না।”
এদিকে পুষ্টিবিদ অনন্যা ভৌমিকও মনে করেন, চাষাবাদ একটি কার্যকর শারীরিক ব্যায়াম। তার মতে, এতে ক্যালোরি ঝরে, পেশি শক্তিশালী হয় এবং শরীরে ভিটামিন ডির মাত্রা বাড়ে। পাশাপাশি বাগান বা মাঠে কাজ করলে মানসিক চাপও কমে এবং শরীরে ‘হ্যাপি হরমোন’-এর ক্ষরণ বৃদ্ধি পায়।
তার পরামর্শ, যাদের চাষাবাদের সুযোগ নেই, তারা বড় পরিসরে বাগান করা বা খোলা জায়গায় নিয়মিত হাঁটাচলার মাধ্যমে শরীরকে সক্রিয় রাখতে পারেন।




Comments