Image description

হেপাটাইটিসজনিত মৃত্যুর দিক থেকে বিশ্বের শীর্ষ ১০ দেশের একটি বাংলাদেশ। দেশে বর্তমানে প্রায় এক কোটি মানুষ হেপাটাইটিস বি ও সি ভাইরাসে আক্রান্ত। বিশেষজ্ঞরা বলছেন, উপসর্গ না থাকলেও ঝুঁকিতে থাকা ব্যক্তিদের নিয়মিত স্ক্রিনিং করাতে হবে। নিরাপদ রক্ত সঞ্চালন, টিকাদান, জীবাণুমুক্ত চিকিৎসাসেবা ও জনসচেতনতা বাড়ালে নতুন সংক্রমণ কমানো সম্ভব।

বিশ্ব হেপাটাইটিস দিবস-২০২৬ উপলক্ষে চিকিৎসকরা জানান, হেপাটাইটিস বি ও সি লিভার সিরোসিস ও লিভার ক্যানসারের অন্যতম প্রধান কারণ। হেপাটাইটিস বি ও সি সংক্রমিত রক্ত, অপরিষ্কার সুচ ও অরক্ষিত যৌন সম্পর্কের মাধ্যমে ছড়ায়। বর্তমানে হেপাটাইটিস সি সম্পূর্ণ নিরাময়যোগ্য এবং হেপাটাইটিস বি দীর্ঘমেয়াদে নিয়ন্ত্রণে রাখা সম্ভব।

হেপাটোলজি সোসাইটির তথ্য অনুযায়ী, দেশে প্রায় ৮৫ লাখ মানুষ হেপাটাইটিস বি ভাইরাসে আক্রান্ত। বিশেষজ্ঞদের মতে, জাতীয় পর্যায়ে সর্বজনীন স্ক্রিনিং ও টিকাদান কর্মসূচি জোরদার করা গেলে ২০৩০ সালের আগেই বাংলাদেশকে হেপাটাইটিসমুক্ত করা সম্ভব।