Image description

কক্সবাজারের রামুতে সংরক্ষিত বনভূমিতে গড়ে ওঠা অবৈধ পানের বরজ উচ্ছেদে গিয়ে হামলার শিকার হয়েছেন বনবিভাগের পাঁচ কর্মকর্তা-কর্মচারী। এ ঘটনায় আহতদের কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর বলে জানিয়েছে বনবিভাগ।

সোমবার রামুর দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের সমিতিপাড়া পাহাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

আহতরা হলেন রামুর পানেরছড়া রেঞ্জ কর্মকর্তা শরীফুল আলম, বনরক্ষী হুমায়ুন কবির, বাগান মালি সাইদুল ইসলাম, কর্মচারী মো. সাজিদ এবং ইমার্জেন্সি রেসপন্স টিম (ইআরটি) সদস্য মিজানুর রহমান।

বনবিভাগের দাবি, সংরক্ষিত বনভূমিতে অবৈধভাবে গড়ে ওঠা পানের বরজ উচ্ছেদ করতে গেলে স্থানীয় বিএনপি নেতা জসিম উদ্দিন, নাজির হোসেন ও সাহাব উদ্দিনের নেতৃত্বে একদল লোক দেশীয় অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে বনকর্মীদের ওপর হামলা চালায়। এতে পাঁচজন আহত হন।

বনবিভাগ জানায়, আহত রেঞ্জ কর্মকর্তা শরীফুল আলমের মাথায় ৯টি সেলাই দিতে হয়েছে। আরও দুজনের মাথায় তিনটি করে সেলাই দেওয়া হয়েছে। বাকিদের শরীরের বিভিন্ন স্থানে আঘাত রয়েছে।

কক্সবাজার দক্ষিণ বনবিভাগ জানিয়েছে, হামলার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে মামলা করার প্রস্তুতি চলছে।

অভিযোগের বিষয়ে অভিযুক্তদের বক্তব্য পাওয়া যায়নি। রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ভুঁইয়া বলেন, বন বিভাগের পক্ষ থেকে অভিযোগ পেলে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।