ব্রাহ্মণবাড়িয়ায় বালুবাহী ট্রাকের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশার এক যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় তার নববধূ গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। নিহত ইয়ামিন মিয়া (৩০) সৌদি আরবপ্রবাসী ছিলেন এবং মাত্র ১০ দিন আগে বিয়ে করেছিলেন।
সোমবার সন্ধ্যা ৬টার দিকে কুমিল্লা-সিলেট মহাসড়কের ভাদুঘর হুজুরবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানায়, শ্বশুরবাড়ি থেকে স্ত্রীকে নিয়ে নিজ বাড়িতে ফিরছিলেন ইয়ামিন। পথে একটি বালুবাহী ট্রাক অটোরিকশাটিকে সজোরে ধাক্কা দিলে সেটি দুমড়ে-মুচড়ে যায়। স্থানীয়রা ইয়ামিন ও তার স্ত্রী সুমা আক্তারকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক ইয়ামিনকে মৃত ঘোষণা করেন। আহত সুমা হাসপাতালে ভর্তি রয়েছেন।
পরিবারের সদস্যরা জানান, বিয়ের জন্য চলতি মাসের শুরুতে সৌদি আরব থেকে দেশে ফিরেছিলেন ইয়ামিন। ১৭ জুলাই তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। শনিবার স্ত্রীকে নিয়ে শ্বশুরবাড়িতে গিয়েছিলেন। সেখান থেকে ফেরার পথেই ঘটে মর্মান্তিক এই দুর্ঘটনা।
খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু তাহের দেওয়ান বলেন, ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।




Comments