Image description

ইরানের মতো লোহিত সাগরের বাব আল-মান্দেব প্রণালিও নিয়ন্ত্রণে নিতে চায় ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। সোমবার এমন অভিযোগ করেছেন ইয়েমেন সরকারের পররাষ্ট্রমন্ত্রী আফরাহ আল-জৌবা।

সৌদি আরবের রাজধানী রিয়াদে সাংবাদিকদের তিনি বলেন, হুতিরা ইরানের হরমুজ প্রণালি নিয়ন্ত্রণের কৌশল অনুসরণ করতে চাইছে। এতে হরমুজ ও বাব আল-মান্দেব-বিশ্ব বাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ দুটি নৌপথই ঝুঁকির মুখে পড়তে পারে।

তিনি অভিযোগ করেন, হুতিদের কর্মকাণ্ডের বিরুদ্ধে আন্তর্জাতিক সম্প্রদায়ের দুর্বল প্রতিক্রিয়াই তাদের আরও সাহসী করে তুলেছে।

বাব আল-মান্দেব প্রণালি লোহিত সাগরকে এডেন উপসাগর ও ভারত মহাসাগরের সঙ্গে যুক্ত করেছে। বিশ্বের প্রায় ৩০ শতাংশ কনটেইনার পরিবহন এবং ১২-১৫ শতাংশ বৈশ্বিক বাণিজ্য এই নৌপথ দিয়ে পরিচালিত হয়।

সাম্প্রতিক তথ্য অনুযায়ী, লোহিত সাগর দিয়ে জাহাজ চলাচল কমে গেছে। রোববার মাত্র ১১টি পণ্যবাহী জাহাজ এ পথ অতিক্রম করেছে।

চলতি মাসের শুরুতে হুতিরা সৌদি আরবগামী ও সৌদি আরব থেকে ছেড়ে যাওয়া জাহাজের ওপর সামুদ্রিক অবরোধ ঘোষণা করে। পাশাপাশি দেশটির দিকে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলাও চালায়।

এর জবাবে সৌদি আরব হুতি-নিয়ন্ত্রিত গুরুত্বপূর্ণ বন্দরনগরী হোদেইদায় বিমান হামলা চালায়।

আফরাহ আল-জৌবা বলেন, ইয়েমেন সরকার পরিস্থিতি মোকাবিলার জন্য প্রস্তুত রয়েছে। তিনি জানান, সরকার-নিয়ন্ত্রিত ও হুতি-নিয়ন্ত্রিত এলাকার সীমান্তে উভয় পক্ষের মধ্যে গোলাগুলি চলছে, তবে এখনো বড় ধরনের সামরিক অভিযান শুরু হয়নি।

২০১৪ সালে হুতিরা রাজধানী সানায়া দখল করার পর ইয়েমেনে গৃহযুদ্ধ শুরু হয়। ২০২২ সালে যুদ্ধবিরতি হলেও হুতিরা এখনো রাজধানীসহ দেশের বড় একটি অংশ নিয়ন্ত্রণ করছে।

সূত্র: আলজাজিরা
মানবকণ্ঠ/এমআর