Image description

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, হাসপাতাল শুধু চিকিৎসা প্রদানের স্থান নয়, এটি মানুষের আস্থার কেন্দ্র। তাই রোগীদের মানসম্মত সেবা নিশ্চিতে চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীদের পেশাগত দক্ষতার পাশাপাশি হাসপাতাল ব্যবস্থাপনায় স্বচ্ছতা নিশ্চিত করা জরুরি।

সোমবার (২৭ জুলাই) দুপুরে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ অডিটোরিয়ামে স্বাস্থ্য বিভাগের বিভিন্ন পর্যায়ের চিকিৎসক, নার্স, কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, স্বাস্থ্যসেবাকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে সরকার বিভিন্ন উন্নয়নমূলক উদ্যোগ গ্রহণ করছে। এসব উদ্যোগ সফল করতে সংশ্লিষ্ট কর্মকর্তা, চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের সমন্বিতভাবে কাজ করতে হবে। পাশাপাশি হাসপাতাল ব্যবস্থাপনায় স্বচ্ছতা, সুশাসন ও প্রযুক্তিনির্ভর সেবা নিশ্চিত করা গেলে জনগণ আরও দ্রুত ও মানসম্মত চিকিৎসাসেবা পাবে।

তথ্যমন্ত্রী বলেন, মানুষের প্রত্যাশা পূরণ করতে হবে। জনগণের আস্থা অর্জন করতে হলে সততা, জবাবদিহি ও কার্যকর সেবার বিকল্প নেই। উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের পাশাপাশি মানুষের দৈনন্দিন সমস্যা সমাধানে গুরুত্ব দিতে হবে। সরকারের প্রতিটি উদ্যোগে জনগণের কল্যাণ নিশ্চিত করাই হবে সর্বোচ্চ অগ্রাধিকার।

বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালের চিকিৎসা ব্যবস্থার উন্নয়ন প্রসঙ্গে মন্ত্রী বলেন, এ হাসপাতালে সেবার মানোন্নয়নে দীর্ঘ মেয়াদী ও কার্যকর কৌশলগত কর্মপরিকল্পনা গ্রহণ করতে হবে। আধুনিক চিকিৎসা সরঞ্জাম, দক্ষ জনবল, ডিজিটাল স্বাস্থ্যসেবা, জবাবদিহিতা এবং রোগীবান্ধব পরিবেশ নিশ্চিতের মাধ্যমে হাসপাতাল ব্যবস্থাকে আরও উন্নত করা সম্ভব।

সভায় শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. একেএম মশিউল মুনীর, অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. আনোয়ার হোসেন বাবলু, বিভাগীয় স্বাস্থ্য দপ্তরের উপপরিচালক ডা. মোহাম্মদ লোকমান হাকিম এবং শেবাচিম হাসপাতালের উপপরিচালক ডা. মো. নাজমুল আহসানসহ অন্য কর্মকর্তারা বক্তব্য দেন।
মানবকণ্ঠ/এমআর