Image description

হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পদযাত্রা কর্মসূচিতে দলের কেন্দ্রীয় নেতাদের গাড়িবহরে সন্ত্রাসী হামলার প্রতিবাদে কুষ্টিয়ায় এক বিক্ষোভ সমাবেশ ও উত্তপ্ত মশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৯ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কুষ্টিয়া পৌরসভার ‘বিজয় উল্লাস চত্বর’ থেকে হাত মশাল ও ব্যানার নিয়ে একটি বিশাল বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এসময় নেতাকর্মীরা সন্ত্রাস ও হামলার বিরুদ্ধে বিভিন্ন প্রতিবাদী স্লোগান দিতে থাকেন। পরবর্তীতে মিছিলটি কুষ্টিয়া শহরের মজমপুর রেলগেট এলাকায় গিয়ে এক সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশের মাধ্যমে শেষ হয়।

সমাবেশে বক্তব্য রাখেন, এনসিপির কেন্দ্রীয় কমিটির নেতা সুলতান মারুফ তালহা, আবু রায়ান, মিজানুর রহমান মিজান এবং জুলাই যোদ্ধা হাসিবুর রহমান ও মোঃ অন্তর প্রমুখ। 

সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, হবিগঞ্জে জুলাই পদযাত্রা শেষে কেন্দ্রীয় নেতা সারজিস আলম ও নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িবহরে বিএনপির সন্ত্রাসীদের ন্যক্কারজনক হামলা রাজনৈতিক শিষ্টাচারের চরম লঙ্ঘন। কোনো ধরনের উসকানি ছাড়াই উদ্দেশ্যপ্রণোদিতভাবে এ হামলা চালিয়ে রাজনৈতিক পরিবেশ ঘোলাটে করার চেষ্টা করা হচ্ছে। 

​বক্তারা অনতিবিলম্বে এ হামলায় জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। অন্যথায় সারাদেশজুড়ে আরও কঠোর ও রাজপথ কাঁপানো কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি উচ্চারণ করেন তারা।