মানবকণ্ঠে সংবাদ প্রকাশের পর পানিবন্দী মানুষের পাশে এমপিপুত্র সজিব
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে টানা বৃষ্টিতে জলাবদ্ধতা দেখা দেয় জামপুর ইউনিয়নের মীরেরটেক গ্রামে। গত বুধবার (২২ জুলাই) ওই এলাকার দুর্দশা নিয়ে একটি রিপোর্ট করা হয় দৈনিক মানবকণ্ঠে। এরপরই সোনারগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসিফ আল জিনাতের নজরে আসে বিষয়টি। পরে তিনি স্থানীয় চেয়ারম্যানকে বিষয়টি জানান সমাধানের জন্য।
অবশেষে আজ বুধবার (২৯ জুলাই) বিকেলে নারায়ণগঞ্জ-৩ আসনের এমপি আজহারুল ইসলাম মান্নানের ছেলে সাবেক যুবদল নেতা খায়রুল ইসলাম সজীব জলাবদ্ধতা এলাকা পরিদর্শন করেন। এ সময় তিনি জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত প্রায় ৫০টি পরিবারের সঙ্গে কথা বলেন এবং তাদের দুর্ভোগের কথা শোনেন।
পরে জলাবদ্ধতা স্বীকার মানুষদের উদ্দেশ্যে করে খায়রুল ইসলাম সজিব বলেন, “আপনাদের এই কষ্ট দেখে আমার বুক ফেটে কান্না আসছে। আপনারা কষ্ট পেলে আমার নিজেরও ঘুমানোর কোনো অধিকার নেই। আপনাদের দীর্ঘদিনের এই দুর্ভোগ আর সহ্য করা যায় না। আমি আপনাদের সন্তান ও ভাই হিসেবে কথা দিচ্ছি, দ্রুত এই জলাবদ্ধতার সমস্যা সমাধানে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হবে।”
তিনি আরও বলেন, মানুষের দুর্ভোগ লাঘব করাই রাজনীতির মূল উদ্দেশ্য। পরে তিনি সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন।
এ সময় উপস্থিত ছিলেন জামপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান কামরুজ্জামান, সোনারগাঁ উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আশরাফ ভূঁইয়া, উপজেলা জাসাসের সভাপতি আমির হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আবু মোর্শেদ মোল্লা, জামপুর ইউনিয়ন যুবদল নেতা মিন্টু, সাদিপুর ইউনিয়ন যুবদল নেতা আওলাদ হোসাইন, সোলমান ও কাউসারসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের স্থানীয় নেতাকর্মীরা।




Comments