হলিউডের প্রখ্যাত অভিনেতা ও গায়ক জ্যারেড লেটোর বিরুদ্ধে এবার ফৌজদারি যৌন অপরাধের অত্যন্ত গুরুতর অভিযোগ তুলেছেন চার নারী। তাদের দাবি, কিশোরী বা নাবালিকা বয়সে তারা লেটোর দ্বারা যৌন নিপীড়ন ও হেনস্তার শিকার হয়েছিলেন।
বুধবার সম্প্রচারিত ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি-র নতুন তথ্যচিত্র ‘জ্যারেড লেটো: হলিউডস ডার্ক সিক্রেট’-এ মোট ১০ জন নারী অস্কারজয়ী এই তারকার বিরুদ্ধে স্বচক্ষে ঘটা নানা আপত্তিকর ঘটনার অভিযোগ নিয়ে সামনে এসেছেন। বিবিসি জানিয়েছে, এই ১০ জনের মধ্যে ৯ জন নারীই প্রথমবারের মতো জনসমক্ষে তাদের সঙ্গে ঘটা সেই বিভীষিকাময় অভিজ্ঞতার কথা তুলে ধরেছেন।
বিবিসি-র এই আলোড়ন সৃষ্টিকারী ডকুমেন্টারিতে উঠে আসা অভিযোগগুলোর তীব্রতা অত্যন্ত ভয়াবহ। অভিযুক্ত নারীদের একজন জানান, তার বয়স যখন ১৭ বছর ছিল, তখন লস অ্যাঞ্জেলেসের একটি মোটেলের বাথরুমে অস্কারজয়ী এই তারকা তাকে যৌন নিপীড়ন করেন। অন্য এক নারী অভিযোগ করেন, ১৯ বছর বয়সে লেটো তাকে সরাসরি যৌন আক্রমণের হুমকি দিয়েছিলেন। তথ্যচিত্রে যুক্ত তৃতীয় নারী বর্ণনা করেন যে, ক্যালিফোর্নিয়ায় ১৭ বছর বয়সে তিনি লেটোর সঙ্গে শারীরিক সম্পর্কে লিপ্ত হতে বাধ্য হন। ওই রাজ্যে সম্মতির আইনি বয়স ১৮ বছর হওয়ায় বিষয়টি সরাসরি সংবিধিবদ্ধ ধর্ষণের (স্ট্যাটিউটরি রেপ) আওতায় পড়ে। তিনি জানান, ক্যালিফোর্নিয়ার আইনি বয়স-সংক্রান্ত বিষয়ে কথা উঠলে অভিনেতা তা পাত্তাই দেননি বা এড়িয়ে যান। অন্যদিকে, চতুর্থ নারী অভিযোগ এনেছেন যে, তার ১৬ বছর বয়সে লেটো তাকে বারবার ফোনে চরম যৌন ইঙ্গিতপূর্ণ কথা বলতেন এবং অন্তত একটি ফোনালাপে তার সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপনের প্রস্তাব দিয়েছিলেন।
তথ্যচিত্র নির্মাণকালে বিবিসি নিশ্চিত করেছে যে, এই চতুর্থ নারীকে লেটোর সঙ্গে তার সম্পর্ক গোপন রাখার জন্য একটি গোপনীয়তা চুক্তি বা এনডিএ-তে স্বাক্ষর করতে বলা হয়েছিল, যা বিবিসি নিজের চোখে দেখেছে। তবে ওই নারী চুক্তিপত্রে স্বাক্ষর করতে স্পষ্ট অস্বীকৃতি জানান। এ ছাড়া আরও চারজন নারী অভিযোগ করেছেন যে, তারা যখন আরও ছোট ছিলেন, তখন লেটো তাদের ফোনে অদ্ভুত এবং চরম আপত্তিকর কথাবার্তা বলতেন।
‘জ্যারেড লেটো: হলিউডস ডার্ক সিক্রেট’-এ অংশ নেওয়া সমস্ত নারী দাবি করেছেন, ২০০২ থেকে ২০১৬ সালের মধ্যে এই ঘটনাগুলো ঘটেছিল। বর্তমানে ৫৪ বছর বয়সী এই অভিনেতার বয়স তখন ছিল ৩০ থেকে ৪০-এর ঘরে। অতীতে ঘটে যাওয়া এসব ঘটনা নিয়ে ক্ষোভ প্রকাশ করে নির্যাতিতাদের একজন বলেন, এটি ২৫ বছর আগের ঘটনা... এতদিন ধরে সে পার পেয়ে গেছে।
এই গুরুতর অভিযোগগুলোর সত্যতা যাচাইয়ে বিবিসি কোনো খামতি রাখেনি। সংস্থাটি জানিয়েছে, ওই সময়ে যেসব বন্ধু ও পরিবারের সদস্যদের কাছে ভুক্তভোগী নারীরা লেটোর সঙ্গে ঘটনার কথা জানিয়েছিলেন, তাদের সাক্ষ্যের মাধ্যমে অনেকগুলো ঘটনার সত্যতা যাচাই করা হয়েছে। একই সঙ্গে একাধিক ঘটনায় অভিযোগের পক্ষে তৎকালীন ছবি ও বার্তা (মেসেজ) প্রমাণ হিসেবে দেখা হয়েছে।
কেবল ভুক্তভোগী নারীরাই নন, লেটোর ব্যান্ড ‘থার্টি সেকেন্ডস টু মার্স’-এর সঙ্গে কাজ করা দুই ব্যক্তিও এই তথ্যচিত্রে মুখ খুলেছেন। তারা জানান, লেটো যেভাবে কিশোরীদের সঙ্গে মেলামেশা করতেন, তা সেখানে কর্মরত কর্মীদের জন্য অত্যন্ত অস্বস্তিকর ছিল। তারা অভিযোগ করেন, লেটো প্রায়ই নাবালিকা মেয়েদের ব্যাকস্টেজে তার ড্রেসিংরুমে কিংবা রেকর্ডিং স্টুডিওর বাড়িতে আমন্ত্রণ জানাতেন। লেটোর সাবেক এক সহকর্মী বলেন, আমার মনে হয় সবাই বুঝতে পেরেছিল যে বয়সের ব্যবধানটা ছিল বড্ড বেশি।
উল্লেখ্য, জ্যারেড লেটোর বিরুদ্ধে এই ধরনের অভিযোগ নতুন নয়। এর আগেও গত বছর লস অ্যাঞ্জেলেসের জনপ্রিয় ডিজে অ্যালি টিলজ প্রকাশ্যে লেটোর বিরুদ্ধে যৌন আচরণের অভিযোগ এনে জানিয়েছিলেন, তার বয়স যখন ১৭ ছিল তখন লেটো তাকে নিপীড়ন করেন। সেই ঘটনার পর আরও অনেকেই মুখ খুলতে শুরু করেন। পরবর্তীতে ২০২৫ সালের জুন মাসে আন্তর্জাতিক মাধ্যম ‘এয়ার মেইল’-এর এক প্রতিবেদনে নয়জন নারী লেটোর বিরুদ্ধে বছরের পর বছর ধরে অনুচিত আচরণের অভিযোগ তুলে ধরেন, যদিও তৎকালীন সময়ে এসব অভিযোগ অস্বীকার করেছিলেন এই তারকা।
সূত্র: ভ্যারাইটি
মানবকণ্ঠ/এমআর




Comments