ইতালির রাজধানী রোমে একই পরিবারের তিন বাংলাদেশি নাগরিককে ছুরিকাঘাতে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। স্থানীয় সময় শুক্রবার (২৬ জুন) রাত প্রায় ৯টার দিকে রোমের পশ্চিমাঞ্চলীয় অরেলিও এলাকার ভিয়া মন্টিগ্লিও সড়কের একটি আবাসিক ফ্ল্যাটে এই ঘটনা ঘটে।
নিহতরা হলেন—কামাল হোসেন, তার স্ত্রী এবং তাদের ৫ বছর বয়সী কন্যাসন্তান। তাদের দেশের বাড়ি বাংলাদেশের নোয়াখালী জেলার কোম্পানীগঞ্জ উপজেলায়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, এই হামলায় কামাল হোসেনের ১৮ বছর বয়সী ছেলেও গুরুতর আহত হয়েছেন। তাকে উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে চিকিৎসকরা জানিয়েছেন, বর্তমানে তিনি শঙ্কামুক্ত।
ইতালির সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, শুক্রবার রাতে ওই ফ্ল্যাট থেকে চিৎকার শুনতে পেয়ে প্রতিবেশীরা পুলিশে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে রক্তাক্ত অবস্থায় তিনজনের মরদেহ উদ্ধার করে। প্রাথমিক তদন্তে জানা গেছে, ধারালো অস্ত্র দিয়ে উপর্যুপরি আঘাত করে তাদের হত্যা করা হয়েছে।
ঘটনার পরপরই রোম পুলিশের বিশেষ শাখা এবং ফরেনসিক বিশেষজ্ঞরা ঘটনাস্থলে পৌঁছে আলামত সংগ্রহ করেছেন। তবে কী কারণে এই নৃশংস হত্যাকাণ্ড ঘটেছে কিংবা এর পেছনে কারা জড়িত, সে বিষয়ে এখন পর্যন্ত সুনির্দিষ্ট কোনো তথ্য জানায়নি দেশটির প্রশাসন। এই ঘটনায় ইতালিতে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের মধ্যে শোক ও আতঙ্ক বিরাজ করছে।
মানবকণ্ঠ/ডিআর




Comments