পবিত্র রমজান মাস উপলক্ষে মদিনায় আগত ওমরাহযাত্রীদের মাঝে ২ লাখ ৪০ হাজার কপি পবিত্র কোরআন শরীফ বিতরণ করা হয়েছে। পুরো ফেব্রুয়ারি মাস জুড়ে মদিনার আল মিকাত মসজিদ প্রাঙ্গণে ওমরাহযাত্রী ও দর্শনার্থীদের হাতে এই পবিত্র গ্রন্থ হাদিয়া হিসেবে তুলে দেওয়া হয়।
সৌদি প্রেস এজেন্সির (এসপিএ) বরাত দিয়ে সংবাদমাধ্যমগুলো জানায়, দুই পবিত্র মসজিদের খাদেম তথা সৌদি বাদশাহর উপহার কর্মসূচির অংশ হিসেবে এই বিশেষ কার্যক্রম পরিচালনা করেছে সৌদি আরবের ‘মিনিস্ট্রি অফ ইসলামিক অ্যাফেয়ার্স, দাওয়াহ অ্যান্ড গাইডেন্স’–এর মদিনা শাখা।
মদিনার কিং ফাহাদ কোরআন প্রিন্টিং কমপ্লেক্সে মুদ্রিত এই কোরআনগুলো বিভিন্ন আকারের ছিল। এছাড়া বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আসা ভিন্ন ভাষাভাষী ওমরাহযাত্রীদের সুবিধার্থে আন্তর্জাতিক প্রধান ভাষাগুলোতে কোরআনের অনুবাদ সংবলিত কপিও বিতরণ করা হয়েছে।
ইহরাম বাঁধার গুরুত্বপূর্ণ স্থান হিসেবে পরিচিত আল-মীকাত মসজিদে বিপুল সংখ্যক মুসল্লির সমাগম হয়। তাই একটি সুসংগঠিত পরিকল্পনার আওতায় মাঠপর্যায়ের টিমের মাধ্যমে অত্যন্ত সুশৃঙ্খলভাবে এই বিতরণ কার্যক্রম সম্পন্ন করা হয়।
উপহার হিসেবে পবিত্র কোরআন হাতে পেয়ে অনেক ওমরাহযাত্রী আবেগাপ্লুত হয়ে পড়েন। তারা সৌদি আরবের এমন চমৎকার উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন এবং দেশটির নেতৃত্বের জন্য বিশেষ দোয়া ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, বিশ্বব্যাপী পবিত্র কোরআনের খেদমতে নিয়োজিত থাকার পাশাপাশি ওমরাহ মৌসুমে আল্লাহর মেহমানদের সহায়তা, সচেতনতা ও সঠিক দিকনির্দেশনা দেওয়াই এই মহৎ উদ্যোগের মূল লক্ষ্য।
মানবকণ্ঠ/আরআই




Comments