Image description

পবিত্র হজ পালনের উদ্দেশ্যে বাংলাদেশ থেকে এখন পর্যন্ত ৪৭ হাজার ৪০ জন হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। বুধবার (৬ মে) সকালে হজ সম্পর্কিত সর্বশেষ বুলেটিনে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। তবে এরই মধ্যে ১০ জন হজযাত্রীর মৃত্যুর খবর পাওয়া গেছে।

বুলেটিনের তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত মোট ১২০টি ফ্লাইটে এই ৪৭ হাজার ৪০ জন হজযাত্রী সৌদি পৌঁছেছেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় গেছেন ৪ হাজার ৭১ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় গেছেন ৪২ হাজার ৯৬৯ জন। বিমান বাংলাদেশ এয়ারলাইনস ৫৫টি ফ্লাইটে ২২ হাজার ৩৮ জন, সৌদি এয়ারলাইনস ৪৪টি ফ্লাইটে ১৬ হাজার ৫০৮ জন এবং ফ্লাইনাস ২১টি ফ্লাইটে ৮ হাজার ৪৯৪ জন যাত্রী পরিবহন করেছে।

দুঃখজনক বিষয় হলো, হজে গিয়ে এখন পর্যন্ত ১০ জন বাংলাদেশি হজযাত্রী মারা গেছেন। তাদের মধ্যে ৮ জন পুরুষ ও ২ জন মহিলা। এলাকাভিত্তিক হিসেবে মক্কায় ৮ জন এবং মদিনায় ২ জন মারা গেছেন।

উল্লেখ্য, এ বছর বাংলাদেশ থেকে মোট ৭৮ হাজার ৫০০ জন হজ পালনের অনুমতি পেয়েছেন। গত ১৭ এপ্রিল প্রধানমন্ত্রী তারেক রহমান প্রথম হজ ফ্লাইটের উদ্বোধন করেন। চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৬ মে পবিত্র হজ অনুষ্ঠিত হতে পারে। হজ শেষে ফিরতি ফ্লাইট শুরু হবে ৩০ মে এবং শেষ ফ্লাইটটি ঢাকায় পৌঁছাবে ৩০ জুন।

মানবকণ্ঠ/আরআই