বাংলাদেশের আকাশে পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। সেই হিসেবে আগামী ২৮ মে (বৃহস্পতিবার) সারাদেশে মুসলমানদের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা বা কোরবানির ঈদ উদযাপিত হবে। সোমবার (১৮ মে) সন্ধ্যায় রাজধানীর বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক শেষে এ সিদ্ধান্ত জানানো হয়। সভায় সভাপতিত্ব করেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ।
বৈঠক শেষে ধর্মমন্ত্রী সংবাদ সম্মেলনে জানান, বাংলাদেশের কক্সবাজারসহ বিভিন্ন জেলা থেকে পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখার নির্ভরযোগ্য খবর পাওয়া গেছে। ফলে মঙ্গলবার (১৯ মে) থেকে হিজরি ১৪৪৭ সনের পবিত্র জিলহজ মাস গণনা শুরু হবে। সেই অনুযায়ী আগামী ১০ জিলহজ অর্থাৎ ২৮ মে বৃহস্পতিবার সারাদেশে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে।
উল্লেখ্য, ত্যাগের মহিমায় উদ্ভাসিত এই উৎসবে সামর্থ্যবান মুসলমানরা আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে পশু কোরবানি দিয়ে থাকেন। এর আগে রোববার মধ্যপ্রাচ্যের দেশগুলোতে চাঁদ দেখা যাওয়ায় সেখানে ২৭ মে ঈদ উদযাপনের ঘোষণা দেওয়া হয়। সেই হিসেবে একদিন পর বাংলাদেশে ২৮ মে পবিত্র ঈদুল আজহা পালিত হবে।
মানবকণ্ঠ/আরআই




Comments