Image description

পবিত্র হজ পালন শেষে সৌদি আরব থেকে দেশে ফেরার প্রক্রিয়া পুরোদমে চলছে। এখন পর্যন্ত ৯৭টি ফিরতি ফ্লাইটে মোট ৪১ হাজার ২৩২ জন হাজি নিরাপদভাবে বাংলাদেশে পৌঁছেছেন। ধর্ম মন্ত্রণালয়ের হজ পোর্টালের আইটি হেল্প ডেস্কের প্রকাশিত সর্বশেষ বুলেটিনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

বুলেটিনের তথ্য অনুযায়ী, দেশে ফেরা হাজিদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৩ হাজার ৩২৮ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৩৭ হাজার ৯০৪ জন রয়েছেন। হাজিদের পরিবহনে তিনটি এয়ারলাইনস সক্রিয় ভূমিকা রাখছে:

বিমান বাংলাদেশ এয়ারলাইনস: ৩৮টি ফ্লাইটে ১৫,৭২২ জন।

সৌদি এয়ারলাইনস: ৪০টি ফ্লাইটে ১৬,১০৯ জন।

ফ্লাইনাস এয়ারলাইনস: ১৯টি ফ্লাইটে ৭,৭০০ জন।

এ বছর হজ পালন করতে গিয়ে এখন পর্যন্ত মোট ৪৮ জন বাংলাদেশি হাজির মৃত্যু হয়েছে, যার মধ্যে ৩২ জন পুরুষ এবং ১৬ জন নারী। এলাকাভিত্তিক মৃত্যুর পরিসংখ্যানে দেখা গেছে, মক্কায় ৩৫ জন, মদিনায় ১২ জন এবং জেদ্দায় ১ জন মারা গেছেন। এছাড়া, ৪০১ জন হাজি স্থানীয় হাসপাতালে চিকিৎসা নিয়েছেন এবং বর্তমানে ১৩ জন হাজি সৌদি আরবের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

উল্লেখ্য, এ বছর বাংলাদেশ থেকে মোট ৭৮,৫০০ জন হজ পালন করতে গিয়েছিলেন। গত ১৮ এপ্রিল থেকে হজযাত্রীদের সৌদি আরব যাওয়ার ফ্লাইট শুরু হয়েছিল। ফিরতি ফ্লাইট কার্যক্রম গত ৩০ মে থেকে শুরু হয়েছে এবং এটি আগামী ৩০ জুন পর্যন্ত অব্যাহত থাকবে।

মানবকন্ঠ/আরআই