নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে রাজনৈতিক বিরোধ ও পূর্বশত্রুতার জেরে রাজু আহমেদ নামে এক বিএনপি কর্মীকে পিটিয়ে ও ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে। রোববার (২৬ জুলাই) রাত ১১টার দিকে উপজেলার শম্ভুপুরা ইউনিয়নের চরহোগলা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রাজু ওই এলাকার আয়নাল হকের ছেলে।
নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাজু আগে বিএনপির রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত থাকলেও প্রায় তিন মাস আগে তিনি রাজনীতি ছেড়ে দেন। এ নিয়ে স্থানীয় বিএনপি নেতা শাহাদাত প্রধানের সঙ্গে তার বিরোধ সৃষ্টি হয়। পরিবারের দাবি, ওই রাজনৈতিক বিরোধের জেরেই পরিকল্পিতভাবে রাজুকে হত্যা করা হয়েছে।
নিহতের মা ও ছোট বোন জানান, রোববার রাতে রাজুর ফুফাতো ভাইয়ের সঙ্গে স্থানীয় নুরুল ও জাকিরের তর্কাতর্কি ও হাতাহাতি হয়। রাজু সেখানে গিয়ে বিষয়টি মীমাংসা করে দেন। এর কিছুক্ষণ পর নুরুল ও জাকিরের নেতৃত্বে ১৫-২০ জনের একটি দল দেশীয় অস্ত্র নিয়ে রাজুর বাড়িতে হামলা চালায়। তারা রাজুকে পিটিয়ে ও ছুরিকাঘাত করে গুরুতর আহত করে। তাকে বাঁচাতে গিয়ে পরিবারের অন্য সদস্যরাও আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রাজুকে মৃত ঘোষণা করেন।
সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন জানান, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। এটি রাজনৈতিক কারণে নাকি পারিবারিক কোনো বিরোধের জেরে ঘটেছে, তা তদন্তের পর বিস্তারিত জানা যাবে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
মানবকণ্ঠ/ডিআর




Comments