Image description

কক্সবাজারে ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। জেলার পেকুয়া ও চকরিয়া উপজেলার বন্যাকবলিত দুই সহস্রাধিক মানুষের মাঝে বিনামূল্যে চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় ওষুধ বিতরণ করেছে রামু ১০ পদাতিক ডিভিশন।

সোমবার চকরিয়া উপজেলার বেতুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত মেডিকেল ক্যাম্পে শত শত দুর্গত মানুষ চিকিৎসা ও ওষুধ গ্রহণ করেন। এর আগে রোববার পেকুয়া উপজেলায় আয়োজিত আরেকটি ক্যাম্পেও সহস্রাধিক মানুষ একই ধরনের সেবা পান।

সেনাবাহিনীর অভিজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল টিম দিনব্যাপী রোগীদের স্বাস্থ্য পরীক্ষা, চিকিৎসা পরামর্শ এবং প্রয়োজনীয় ওষুধ বিতরণ করেন। পাশাপাশি বন্যা-পরবর্তী পানিবাহিত রোগ প্রতিরোধে স্বাস্থ্যসচেতনতামূলক পরামর্শও দেওয়া হয়।

সেনাবাহিনী জানিয়েছে, দেশের প্রতিরক্ষার পাশাপাশি প্রাকৃতিক দুর্যোগে মানুষের পাশে দাঁড়ানো তাদের দায়িত্বের অংশ। এই মানবিক উদ্যোগ বন্যাদুর্গত মানুষের দুর্ভোগ কমাতে এবং স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

মানবকণ্ঠ/ডিআর