সাবেক উপদেষ্টা ও পরিবেশবাদী নেত্রী সৈয়দা রিজওয়ানা হাসানকে ‘মবের জননী’ হিসেবে আখ্যায়িত করেছেন সিনিয়র সাংবাদিক আনিস আলমগীর। সম্প্রতি একটি ইউটিউব চ্যানেলের টকশোতে অংশ নিয়ে তিনি রিজওয়ানা হাসানের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার ও মব (উচ্ছৃঙ্খল জনতা) সৃষ্টির নেপথ্যে থাকার অভিযোগ তুলে এই মন্তব্য করেন।
আনিস আলমগীর বলেন, ইতিপূর্বে ‘মবের জনক’ হিসেবে ড. ইউনূসের নাম শোনা গেলেও এখন ‘মবের জননী’ হিসেবেও একজনকে পাওয়া গেছে। তিনি দাবি করেন, রিজওয়ানা হাসান পরিবেশ রক্ষায় দীর্ঘকাল কাজ করলেও গত ৫ আগস্টের পর ক্ষমতার পরিবর্তনের সাথে সাথে তার কর্মকাণ্ডের ভিন্ন রূপ প্রকাশ পেয়েছে। তার বিরুদ্ধে ব্যবসা দখলসহ নানা অনিয়মের খবর এখন বিভিন্ন মাধ্যমে উঠে আসছে।
টকশোতে এই সাংবাদিক আরও অভিযোগ করেন, এনজিও কার্যক্রমের আড়ালে রিজওয়ানা হাসান আগে থেকেই ভূমিসংশ্লিষ্ট বিভিন্ন পক্ষের সঙ্গে অনৈতিক সমঝোতার মাধ্যমে কার্যক্রম পরিচালনা করতেন। এমনকি কোনো নির্দিষ্ট প্রকল্প থেকে অর্থ না পেলে আইনি বা পরিবেশগত দোহাই দিয়ে তা বন্ধ করে দেওয়ার মতো ঘটনাও ঘটিয়েছেন তিনি। ক্ষমতার অপব্যবহার করে তিনি নিজের প্রভাব খাটিয়েছেন বলে দাবি করেন আনিস আলমগীর।
গণস্বাস্থ্য কেন্দ্রের সাম্প্রতিক অস্থিতিশীল পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেন তিনি। আনিস আলমগীর বলেন, ডা. জাফরুল্লাহ চৌধুরীর হাতে গড়া এই প্রতিষ্ঠানে মব সৃষ্টি করে ট্রাস্টিদের পদত্যাগে বাধ্য করা হয়েছে এবং এর পেছনে রিজওয়ানা হাসানের সম্পৃক্ততার কথা বিভিন্ন মাধ্যমে আলোচিত হচ্ছে। তিনি মনে করেন, এসব গুরুতর অভিযোগের নিরপেক্ষ তদন্ত হওয়া প্রয়োজন। তবে বর্তমান সরকার এসব অভিযোগ আমলে না নিয়ে কেবল অতীত নিয়ে ব্যস্ত রয়েছে বলেও তিনি সমালোচনা করেন।
গণস্বাস্থ্য কেন্দ্রসহ বিভিন্ন প্রতিষ্ঠানে শৃঙ্খলা ফিরিয়ে আনতে এবং রিজওয়ানা হাসানের বিরুদ্ধে ওঠা অনিয়মের অভিযোগগুলো খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া সরকারের নৈতিক দায়িত্ব বলে মন্তব্য করেন এই সিনিয়র সাংবাদিক।
মানবকণ্ঠ/আরআই




Comments