Image description

চট্টগ্রাম-৭ (রাঙ্গুনিয়া) আসনের সংসদ সদস্য হুম্মাম কাদের চৌধুরী দাবি করেছেন, মাইলস্টোন স্কুলে ঘটে যাওয়া ভয়াবহ দুর্ঘটনায় দগ্ধ শিশুদের চিকিৎসায় সহায়তার প্রস্তাব দিয়েও সাড়া পাননি অধ্যাপক ডা. সামন্ত লাল সেন। সম্প্রতি ঠিকানায় খালেদ মুহিউদ্দীন অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি এ অভিযোগ করেন।

হুম্মাম কাদের বলেন, অন্তর্বর্তী সরকারের সময় একটি বড় দুর্ঘটনায় প্রশিক্ষণ বিমান মাইলস্টোন স্কুলে বিধ্বস্ত হওয়ার পর পরিস্থিতি সামাল দিতে সবাই ছুটে যায়। আগুন নিয়ন্ত্রণ, আহতদের হাসপাতালে নেওয়া এবং বার্ন ইউনিট প্রস্তুত করার মতো নানা কাজে বিভিন্ন পক্ষ সহযোগিতা করছিল।

তিনি জানান, বার্ন ও প্লাস্টিক সার্জারি চিকিৎসার পথিকৃৎ হিসেবে পরিচিত ডা. সামন্ত লাল সেনও ওই ঘটনায় সহায়তা করতে আগ্রহ প্রকাশ করেছিলেন। তার ভাষায়, “উনি বলেছিলেন, বড় দুর্ঘটনা ঘটেছে, যেভাবেই হোক সহযোগিতা করতে চান।”

হুম্মাম কাদের দাবি করেন, তিনি নিজেই সেই বার্তা অন্তর্বর্তী সরকারের কাছে পৌঁছে দিয়েছিলেন। তবে সরকার সেই সহায়তা গ্রহণ করেনি বলে অভিযোগ করেন তিনি।

তার মতে, “সাহায্য নিলে হয়তো কয়েকটি প্রাণ বাঁচানো সম্ভব হতো।” তিনি এ সিদ্ধান্তকে “একগুঁয়েমি” বলেও মন্তব্য করেন।

অধ্যাপক ডা. সামন্ত লাল সেন বাংলাদেশের বার্ন ও প্লাস্টিক সার্জারি চিকিৎসা ব্যবস্থার অন্যতম অগ্রদূত হিসেবে পরিচিত। দেশের প্রথম দিকের আধুনিক বার্ন ইউনিট গড়ে তোলার ক্ষেত্রেও তার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।

তবে হুম্মাম কাদের চৌধুরীর এই বক্তব্যের বিষয়ে অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

মানবকণ্ঠ/আরআই