Image description

সামাজিক যোগাযোগমাধ্যমে আজ শুক্রবার দুপুরে একটি ভিডিও ব্যাপক ভাইরাল হয়েছে। ওই ভিডিওতে দেখা যায়, বিভিন্ন সময়ে বিচিত্র ও বিতর্কিত বক্তব্য দিয়ে আলোচনায় আসা ‘ভাইরাল সিদ্দিক’ একটি মসজিদের দানবাক্স চুরির অভিযোগে স্থানীয়দের হাতে ধরা পড়েছেন।

ভিডিওতে দেখা যায়, উত্তেজিত একদল জনতা সিদ্দিককে ঘিরে ধরে তল্লাশি চালাচ্ছে। একপর্যায়ে তার মোটরসাইকেলে থাকা একটি ব্যাগ থেকে একটি দানবাক্স উদ্ধার করা হয়। বাক্সটির ওপর লেখা ছিল ‘নিউ নেশন ডেভেলপমেন্ট এসোসিয়েশনের দানবক্স’।

ভিডিওর দৃশ্য অনুযায়ী, জনতা যখন তার ব্যাগ তল্লাশি করছিল, তখন সিদ্দিক বারবার ক্ষমা চাইছিলেন এবং ভিডিও না করার জন্য অনুরোধ করছিলেন। তবে উপস্থিত ক্ষুব্ধ জনতা ‘ভাইরাল সিদ্দিক কট’ বলে চিৎকার করে এবং ব্যাগের ভেতর থেকে উদ্ধার হওয়া দানবাক্স ও টাকা ক্যামেরায় দেখায়।

ভিডিওর শেষের দিকে উপস্থিত জনতাকে সিদ্দিকের ব্যক্তিগত জীবন নিয়ে মন্তব্য করতে শোনা যায়। তারা বলছিলেন, “মাসে লাখ লাখ টাকা আয় করেন এবং এ পর্যন্ত চারটি বিয়ে করেছেন সিদ্দিক। কিন্তু আজ মসজিদের টাকা চুরি করতে গিয়ে হাতেনাতে ধরা খেলেন।”

উল্লেখ্য, বিতর্কিত নানা কর্মকাণ্ড ও অসংলগ্ন বক্তব্যের কারণে সিদ্দিক এর আগেও একাধিকবার আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছেন এবং বিভিন্ন স্থানে জনগণের হাতে লাঞ্ছিত হয়েছেন।

মানবকণ্ঠ/ডিআর