জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা নাসীরুদ্দীন পাটওয়ারীকে এলাকায় ঢুকলে ‘গরুর দড়ি দিয়ে বেঁধে ফেলার’ ঘোষণা দিয়েছেন লক্ষ্মীপুর জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক জহির রায়হান বাবু। সম্প্রতি এক রাজনৈতিক সমাবেশে দেওয়া বক্তব্যে তিনি এই আক্রমণাত্মক হুঁশিয়ারি প্রদান করেন।
ছাত্রদল নেতা জহির রায়হান বাবু তার বক্তব্যে বলেন, “আপনারা কোরবানি দেওয়ার পর গরুর দড়িগুলো যত্ন করে রেখে দেবেন। আমরা শুনেছি নাসীরুদ্দীন পাটওয়ারী গ্রামে আসবেন। তিনি আসলে আমরা তাকে ডিম নিক্ষেপ করব না, বরং সেই দড়ি দিয়ে তাকে শক্ত করে বেঁধে ফেলব। এ বিষয়ে কোনো ছাড় দেওয়া হবে না।”
তিনি আরও যোগ করেন যে, যারা বিভিন্ন সময়ে বিএনপি এবং যুবদলকে নিয়ে কটূক্তিপূর্ণ মন্তব্য করবে, তাদের প্রতিহত করা হবে। বিষয়টিকে ‘ট্রেলার’ হিসেবে উল্লেখ করে তিনি বলেন, “সামনে পূর্ণদৈর্ঘ্য ছায়াছবি আসবে। যারা আমাদের শান্তিপূর্ণ অবস্থানে বিঘ্ন ঘটাবে, তাদের ওই মুগুর দিয়েই প্রতিহত করা হবে। যারা সুন্দর আচরণ করবে, আমরা তাদের সঙ্গে ভালো থাকব। কিন্তু যারা সীমা লঙ্ঘন করবে, তাদের রেহাই নেই।”
জহির রায়হান বাবু তার বক্তব্যে অত্যন্ত কঠোর ভাষা ব্যবহার করে বলেন, প্রধানমন্ত্রীকে (তারেক রহমান) নিয়ে কোনো ধরনের কুরুচিপূর্ণ মন্তব্য করলে ছাত্রদল বসে থাকবে না। যারা সুস্থ ধারার রাজনীতি করবে তাদের কোনো বাধা নেই, কিন্তু ধৃষ্টতা দেখালে তা শক্ত হাতে দমন করা হবে।
নাসীরুদ্দীন পাটওয়ারীকে লক্ষ্য করে দেওয়া ছাত্রদল নেতার এমন আক্রমণাত্মক বক্তব্য নিয়ে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
মানবকণ্ঠ/আরআই




Comments