Image description

সাবেক সংসদ সদস্য ও বিশিষ্ট কলামিস্ট গোলাম মাওলা রনি দাবি করেছেন, জুলাই-আগস্ট বিপ্লব পরবর্তী পরিস্থিতিতে দেশের রাজনৈতিক প্রেক্ষাপটে আওয়ামী লীগ কর্মীদের মধ্যে তাদের রাজনৈতিক বিশ্বাসের একটি ‘রেনেসাঁ’ বা পুনর্জাগরণ ঘটেছে। বৃহস্পতিবার (২৮ মে) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ‘তিনতন্ত্র’ নামের একটি পেজে প্রকাশিত ভিডিও বার্তায় তিনি এসব কথা বলেন।

গোলাম মাওলা রনি বলেন, “যারা আওয়ামী লীগ করেন, তাদের কাছে এই রাজনৈতিক আদর্শ অনেকটা ধর্মের মতো। জুলাই-আগস্টের ঘটনার পর তথাকথিত স্বাধীনতাবিরোধীদের যে বাড়াবাড়ি, তা আওয়ামী লীগ কর্মীদের স্তিমিত হয়ে যাওয়া বিশ্বাসকে আবার জাগিয়ে তুলেছে। এখন তাদের কাছে মনে হচ্ছে—আওয়ামী লীগই সঠিক, আওয়ামী লীগ অনন্য এবং নেতা হিসেবে শেখ হাসিনার কোনো বিকল্প নেই।”

তিনি রাজনীতির সঙ্গে ধর্মের তুলনা করে বলেন, “ধর্ম যেমন একটি নীতি ও নৈতিকতার ওপর বিশ্বাস, রাজনৈতিক বিশ্বাসও অনেকটা তেমনই। বিএনপির রাজনৈতিক ধর্ম যেমন বাংলাদেশি জাতীয়তাবাদ, আওয়ামী লীগের ধর্ম হলো বাঙালি জাতীয়তাবাদ। শেখ হাসিনার ক্ষমতা হারানোর আগে আওয়ামী লীগ কর্মীদের মধ্যে একটি সংশয় তৈরি হয়েছিল। অনেকে প্রশ্ন তুলেছিলেন—ছাত্রলীগ বা হাইব্রিড নেতারা কী করছে? কিন্তু বর্তমান পরিস্থিতিতে তাদের সেই নড়বড়ে বিশ্বাস বা ‘রাজনৈতিক ঈমান’ আবার মজবুত হয়েছে।”

রনি আরও যোগ করেন, বর্তমান রাজনৈতিক বাস্তবতায় আওয়ামী লীগের তৃণমূল ও সমর্থকদের কাছে শেখ হাসিনাকে আবার বাংলাদেশে ফিরিয়ে আনার প্রয়োজনীয়তা তীব্র হয়ে উঠেছে। তারা মনে করছে, দেশের বর্তমান সংকট নিরসনে এবং দলের অস্তিত্ব টিকিয়ে রাখতে শেখ হাসিনার কোনো বিকল্প নেই।

এই রাজনৈতিক বিশ্লেষকের মতে, আওয়ামী লীগের এই পুনর্জাগরণ দলটির জন্য ভবিষ্যতে একটি শক্তিশালী অবস্থান তৈরির পথ সুগম করতে পারে। তাঁর এই বিস্ফোরক মন্তব্যটি ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

মানবকণ্ঠ/আরআই