Image description

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) বর্তমান গতিপ্রকৃতি নিয়ে কঠোর সমালোচনা করেছেন বিএনপি নেতা মুহাম্মদ রাশেদ খান। তিনি দাবি করেছেন, এনসিপি একটি স্বাধীন রাজনৈতিক শক্তি হিসেবে দাঁড়াতে ব্যর্থ হয়েছে এবং বর্তমানে এটি জামায়াতে ইসলামীর একটি ‘প্রোম্যাক্স’ বা বর্ধিত প্রতিষ্ঠানে পরিণত হচ্ছে।

রোববার (৭ জুন) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে রাশেদ খান এই বিস্ফোরক মন্তব্য করেন। তার মতে, বাংলাদেশে নতুন রাজনৈতিক শক্তির বিকাশের প্রয়োজন থাকলেও জামায়াত থাকতে আরেকটি জামায়াত-নির্ভর দলের কোনো প্রয়োজনীয়তা ছিল না।

ফেসবুক পোস্টে রাশেদ খান লিখেন, “এনসিপিকে জামায়াতের আরেকটি প্রতিষ্ঠান হিসেবে দাঁড় করানো হচ্ছে। হয়তো আমাদের নাহিদ-আসিফরা নিজেরাও বুঝতেছে না, কিভাবে এনসিপিকে দখল করছে জামায়াত-শিবির। ইতোমধ্যেই দলটির ৮০ শতাংশই জামায়াত-শিবির দখল করে নিয়েছে। হয়তো ভবিষ্যতে জামায়াতের মধ্যে বিলুপ্ত হয়েই তাদের শতভাগ ‘বসন্ত’ পূর্ণ হবে।”

এনসিপির অন্যতম নেতা আসিফ মাহমুদের সমালোচনা করে তিনি বলেন, অতীতে আসিফ এ বিষয়ে সোচ্চার থাকলেও বর্তমানে তিনি নিজেই জামায়াত-শিবিরের কর্মীদের দলে ভিড়াচ্ছেন।

দেশের বর্তমান রাজনৈতিক শূন্যতা নিয়ে রাশেদ খান আক্ষেপ প্রকাশ করে বলেন, “আওয়ামী লীগের পতনের পর যে শূন্যতা তৈরি হয়েছিল, এনসিপির সামনে সেটি পূরণের এক দারুণ সুযোগ ছিল। কিন্তু নেতৃত্বের ব্যর্থতায় সেই সম্ভাবনা অঙ্কুরেই বিনষ্ট হলো। এনসিপির এই ব্যর্থতার কারণেই এখন রাজনীতিতে আওয়ামী লীগের ফেরার প্রাসঙ্গিকতা তৈরি হচ্ছে।”

রাশেদ খানের এই মন্তব্য রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। বিশেষ করে জুলাই গণঅভ্যুত্থানের পর গঠিত নতুন দলগুলোর ওপর বড় রাজনৈতিক দলগুলোর প্রভাব ও নিয়ন্ত্রণের বিষয়টি নতুন করে সামনে এল।

মানবকন্ঠ/আরআই