Image description

চলমান নারী ওয়ানডে বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচেই পাকিস্তানের বিপক্ষে ৭ উইকেটের বিশাল জয়ে দারুণ শুরু করেছে বাংলাদেশ। এই জয়ে টাইগ্রেস পেসার মারুফা আক্তার দুর্দান্ত বোলিং করে ম্যাচসেরার পুরস্কার জিতেছেন। তার অসাধারণ পারফরম্যান্স ক্রিকেট বিশেষজ্ঞদের নজর কেড়েছে এবং আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) ও কিংবদন্তি ক্রিকেটারদের প্রশংসায় ভাসছেন তিনি।

বৃহস্পতিবার (২ অক্টোবর) কলম্বোর রনগিরি প্রেমাদাসা স্টেডিয়ামে পাকিস্তানের বিপক্ষে ম্যাচে মারুফা ৭ ওভারে মাত্র ৩১ রান খরচ করে ২টি গুরুত্বপূর্ণ উইকেট শিকার করেন। ইনিংসের প্রথম ওভারেই তিনি দুটি উইকেট তুলে নেন, যেখানে ওভারের শেষ দুই বলে পাকিস্তানের ওপেনার ওমাইমা সোহেল ও সিদরা আমিনকে বোল্ড করে সাজঘরে পাঠান।

শুক্রবার (৩ অক্টোবর) আইসিসি তাদের অফিশিয়াল ফেসবুক পেজে মারুফার বোলিংয়ের প্রশংসা করে একটি ভিডিও পোস্ট করেছে। ভিডিওতে ভারতের কিংবদন্তি নারী ক্রিকেটার মিতালি রাজ মারুফার বোলিংয়ের ভূয়সী প্রশংসা করে বলেন, "তার (মারুফা) বল অনেক সুইং করেছে। সে সঠিক জায়গায় বোলিং করেছে। সুইং অবশ্যই দরকার, কিন্তু লাইন-লেংথ ঠিক না থাকলে আশানুরূপ ফল পাওয়া যায় না। সে টানা ২ উইকেট পেয়েছে।"

এইবারের ওয়ানডে বিশ্বকাপ মারুফার প্রথম বৈশ্বিক ওয়ানডে আসর হলেও, এর আগে তিনি ২০২৩ ও ২০২৪ সালের দুটি টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলেছেন। তখন থেকেই মিতালি রাজ তার বোলিংয়ে মুগ্ধ। মিতালি আইসিসির ভিডিও বার্তায় আরও বলেন, "প্রথমবারের মতো বিশ্বকাপে খেলছে। যদিও এর আগে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলেছে। দক্ষিণ আফ্রিকায় (২০২৩ টি-টোয়েন্টি বিশ্বকাপে) যখন আমি ধারাভাষ্য দিচ্ছিলাম, তার বোলিং আমাকে মুগ্ধ করেছিল। তার মতো পেসার একাদশে থাকা অনেক বড় কিছু। গতকাল টানা দুই উইকেট নিয়েছে। বাংলাদেশের জন্য সেটা অনেক কিছু।"

এদিকে, মারুফার বোলিংয়ের প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন শ্রীলঙ্কার কিংবদন্তি পেসার লাসিথ মালিঙ্গাও। আইসিসির এই ভিডিওটি নিজের অফিশিয়াল ফেসবুক পেজে শেয়ার করে মালিঙ্গা লিখেছেন, "নিখাদ স্কিল। দারুণ নিয়ন্ত্রণ ছিল বলের ওপর। এখন পর্যন্ত টুর্নামেন্টের সেরা ডেলিভারি।"

উল্লেখ্য, পাকিস্তানকে উড়িয়ে দিয়ে বাংলাদেশ দল বর্তমানে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে অবস্থান করছে, যেখানে তাদের নেট রানরেট +১.৬২৩। অস্ট্রেলিয়া ও ভারত যথাক্রমে প্রথম ও তৃতীয় স্থানে রয়েছে, যাদের নেট রানরেট +১.৭৮ ও +১.২৫৫। বাংলাদেশের পরের ম্যাচ ৭ অক্টোবর ইংল্যান্ডের বিপক্ষে গুয়াহাটিতে, যা বাংলাদেশ সময় বেলা ৩টা ৩০ মিনিটে শুরু হবে।