Image description

বাংলাদেশের তারকা বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমানকে সরাসরি চুক্তিতে দলে ভিড়িয়েছে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ফ্র্যাঞ্চাইজি লাহোর কালান্দার্স। এর আগে দুই মৌসুম লাহোরের হয়ে খেলা এই টাইগার পেসার এবার ফিরলেন পুরোনো ঠিকানায়।

এক আনুষ্ঠানিক বিবৃতিতে লাহোর কালান্দার্স জানায়, “আমাদের বাংলাদেশি ভাই মুস্তাফিজুর রহমান, যিনি ২০১৬ ও ২০১৮ সালে আমাদের হয়ে খেলেছেন, আবারও পরিবারের অংশ হলেন। এবার তিনি সরাসরি চুক্তিতে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন।”

মুস্তাফিজকে দলে নিতে লাহোর কালান্দার্স ব্যয় করেছে ৬ কোটি ৪৪ লাখ পাকিস্তানি রুপি, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ২ কোটি ৮১ লাখ টাকারও বেশি।

এর আগে আসন্ন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলার কথা থাকলেও টুর্নামেন্ট শুরুর আগেই বিসিসিআইয়ের নির্দেশে স্কোয়াড থেকে বাদ পড়েন মুস্তাফিজ। এই সিদ্ধান্ত ঘিরে তৈরি হয় ব্যাপক আলোচনা ও বিতর্ক। এরপর পিএসএলের নিলামের জন্য নিজের নাম নিবন্ধন করেন তিনি।

মুস্তাফিজকে নিয়ে আগ্রহের ইঙ্গিত দেয় পিএসএলের অফিসিয়াল পেজও। সেখানে তার একটি ছবি পোস্ট করে লেখা হয়, “মুস্তাফিজুর রহমান—পিএসএলের নতুন যুগে স্বাগতম।”

এর আগে ২০১৮ সালে লাহোর কালান্দার্সের হয়ে পিএসএলে ৫ ম্যাচে ৬.৪৩ ইকোনমি রেটে ৪ উইকেট শিকার করেছিলেন মুস্তাফিজ। অভিজ্ঞতা, সাম্প্রতিক ফর্ম এবং ভিন্নধর্মী কাটার দক্ষতা বিবেচনায় তাকে পেতে একাধিক দলের আগ্রহ থাকলেও শেষ পর্যন্ত সরাসরি চুক্তিতে সাবেক দলই তাকে দলে টেনে নেয়।

মানবকণ্ঠ/আরআই