টি-টোয়েন্টি বিশ্বকাপ
বড় পুঁজি গড়েও ব্যর্থ আফগানিস্তান, দাপুটে জয়ে শুভসূচনা কিউইদের
চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে শক্তিশালী নিউজিল্যান্ডের বিপক্ষে লড়াকু সংগ্রহ গড়ে আফগানিস্তান। ব্যাট হাতে বড় পুঁজি পেলেও বল হাতে তা ধরে রাখতে পারেনি তারা। শুরুর ধাক্কা সামলে শেষ পর্যন্ত ৫ উইকেটের জয় তুলে নিয়ে দাপুটে সূচনা করেছে ব্ল্যাক ক্যাপসরা।
রোববার (৮ ফেব্রুয়ারি) চেন্নাইয়ের এম এ চিদাম্বরাম স্টেডিয়ামে টসে জিতে আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৮২ রান তোলে আফগানিস্তান। জবাবে ১৩ বল ও ৫ উইকেট হাতে রেখেই লক্ষ্য পূরণ করে নেয় নিউজিল্যান্ড।
বড় লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই চাপে পড়ে নিউজিল্যান্ড। মাত্র ১ রান করে ফিন অ্যালেন ফিরে যান দ্বিতীয় ওভারে। পরের বলেই রাচিন রবীন্দ্রকে শূন্য রানে ফেরান মুজিব উর রহমান। তবে গ্লেন ফিলিপসকে সঙ্গে নিয়ে ইনিংস মেরামতের কাজ শুরু করেন টিম সেইফার্ট।
এই জুটিতে পাওয়ার প্লেতেই ৫২ রান তোলে কিউইরা। ২৫ বলে ৪২ রান করে ফিলিপস আউট হলেও ৩৯ বলে ফিফটি পূর্ণ করেন সেইফার্ট। ১৩তম ওভারে মোহাম্মদ নবীকে টানা দুই ছক্কা ও এক বাউন্ডারি হাঁকানোর পর বড় শট খেলতে গিয়ে বাউন্ডারিতে ধরা পড়েন তিনি।
এরপর দায়িত্ব নেন মার্ক চ্যাপম্যান। ১৭ বলে ২৮ রানের কার্যকর ইনিংস খেলে দলকে জয়ের পথে রাখেন তিনি। শেষ দিকে অভিজ্ঞ ড্যারিল মিচেল ও অধিনায়ক মিচেল স্যান্টনারের ঠাণ্ডা মাথার ব্যাটিংয়ে সহজ জয় নিশ্চিত করে নিউজিল্যান্ড। মিচেল ১৪ বলে ২৫ রান এবং স্যান্টনার ৮ বলে অপরাজিত ১৭ রান করেন।
এর আগে আফগানিস্তানের হয়ে ওপেনিংয়ে দেখেশুনে শুরু করেন রহমানউল্লাহ গুরবাজ ও ইবরাহিম জাদরান। উদ্বোধনী জুটিতে আসে ৩৫ রান। ইবরাহিম ১২ বলে ১০ রান করে আউট হন, আর গুরবাজ ২২ বলে ২৭ রান করে পাওয়ার প্লের শেষ বলে সাজঘরে ফেরেন।
দুই ওপেনার বিদায়ের পর ইনিংসের গতি বাড়ান সেদিকউল্লাহ আতাল ও গুলবাদিন নাইব। ২৪ বলে ২৯ রান করে আউট হন আতাল। অন্যদিকে দুর্দান্ত ব্যাটিংয়ে ৩৫ বলে ৬৩ রানের ঝকঝকে ইনিংস খেলেন নাইব, যা আফগানদের বড় সংগ্রহ গড়ার মূল ভিত্তি।
শেষ দিকে ডারউইশ রাসুলি ১৩ বলে ২০ রান, আজমতউল্লাহ ওমরজাই ৭ বলে ১৪ রান এবং মোহাম্মদ নবী ৭ বলে ১০ রানের ক্যামিও ইনিংস খেলেন। সব মিলিয়ে ১৮২ রানের চ্যালেঞ্জিং সংগ্রহ পেলেও তা রক্ষা করতে পারেনি আফগানিস্তান।
মানবকণ্ঠ/আরআই




Comments