গাজীপুরের ক্রীড়াঙ্গন নিয়ে তামিম ইকবাল ও মঞ্জুরুল করিম রনির মতবিনিময়
গাজীপুরের ক্রীড়াঙ্গনের ভবিষ্যৎ ও উন্নয়নের লক্ষ্যে জাতীয় ক্রিকেট দলের তারকা তামিম ইকবাল এবং গাজীপুর-২ আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী এম. মঞ্জুরুল করিম রনি এক বিশেষ মতবিনিময় সভায় অংশ নিয়েছেন।
রোববার (৮ ফেব্রুয়ারি) বিকেলে গাজীপুর মহানগরীর পিটিআই অডিটরিয়ামে আয়োজিত এই অনুষ্ঠানে খেলোয়াড়, ক্রীড়া সংগঠক ও স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে গাজীপুরের খেলাধুলার বর্তমান অবস্থা, তরুণদের ক্রীড়ামুখী করার উদ্যোগ, খেলার মাঠের সংকট নিরসন এবং স্থানীয় পর্যায়ে প্রতিভা অন্বেষণের বিষয়গুলো গুরুত্বের সাথে আলোচনা করা হয়। বক্তারা বলেন, নিয়মিত টুর্নামেন্ট আয়োজন, ক্রীড়া সংগঠনগুলোকে শক্তিশালী করা এবং সরকারি-বেসরকারি পৃষ্ঠপোষকতা বাড়ানো গেলে গাজীপুরের ক্রীড়াঙ্গন জাতীয় পর্যায়ে আরও বড় অবদান রাখতে পারবে।
এ সময় তামিম ইকবাল তরুণদের খেলাধুলায় আগ্রহী হওয়ার আহ্বান জানিয়ে বলেন, "নিয়মিত অনুশীলন ও শৃঙ্খলাই একজন খেলোয়াড়কে সাফল্যের চূড়ায় নিয়ে যায়। গাজীপুরের তরুণদের মধ্যে প্রচুর সম্ভাবনা রয়েছে।"
এম. মঞ্জুরুল করিম রনি বলেন, "ক্রীড়াঙ্গনের উন্নয়নে স্থানীয় পর্যায়ে পরিকল্পিত ও দীর্ঘমেয়াদী উদ্যোগ প্রয়োজন। আমি নির্বাচিত হলে গাজীপুরে আধুনিক ক্রীড়া সুবিধা নিশ্চিত করতে এবং মাঠ সংস্কারে অগ্রাধিকার ভিত্তিতে কাজ করব।"
অনুষ্ঠানে অংশগ্রহণকারী ক্রীড়া সংগঠক ও খেলোয়াড়রা মাঠ সংস্কার, দক্ষ প্রশিক্ষক নিয়োগ এবং নিয়মিত প্রতিযোগিতা আয়োজনের দাবি জানান। ভবিষ্যতে এ ধরনের সৃজনশীল আলোচনা সভা আরও আয়োজনের আশাবাদ ব্যক্ত করে অনুষ্ঠানটি শেষ হয়।
মানবকণ্ঠ/ডিআর




Comments